কলকাতা: পার্ক স্ট্রিটের ফুটপাথে নাতির জন্য দুধ গরম করা নিয়ে বিতর্ক এখন অতীত। এবার রাখির সকালে সম্পূর্ণ ভিন্ন মেজাজে ধরা দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। অতীতের সেই বিতর্কিত অধ্যায়কে দূরে সরিয়ে রেখে শুক্রবার সকালে শহরের রাজপথে বেরিয়ে সরাসরি ফুটপাথবাসীদের সঙ্গে জনসংযোগে মাতলেন তিনি। গড়িয়াহাট সহ কলকাতার একাধিক এলাকায় ঘুরে ফুটপাথবাসী ও অটোচালকদের হাতে পরম স্নেহে রাখি পরিয়ে দেন তিনি। উপস্থিত সাধারণ মানুষও মন্ত্রীকে রাখির বন্ধনে আবদ্ধ করেন। শুধু তাই নয়, ফুটপাথের খুদেদের মুখে হাসি ফোটাতে তাদের হাতে লাড্ডু ও চকোলেটের প্যাকেট তুলে দেন তিনি। এ প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করে অগ্নিমিত্রা জানান, সকলে ‘বন্দে মাতরম’ বলা ভারতের নাগরিক, তাই তাঁদের রাখি পরাতে কোনও বাধা নেই। পাশাপাশি এদিন ফের যাদবপুর ইস্যুতেও সুর চড়ান তিনি।
উল্লেখ্য, দিনকয়েক আগে পার্ক স্ট্রিটের ফুটপাথে সীতা ওরফে রশিদা নামের এক মহিলা নাতির জন্য দুধ গরম করার সময় তাঁকে তীব্র ধমক দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন অগ্নিমিত্রা পাল। সেই ঘটনায় মন্ত্রীর মানবিকতা নিয়ে রাজ্য রাজনীতিতে জোর শোরগোল শুরু হয়। এমনকী প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই পরিবারের দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছিলেন এবং পরবর্তীকালে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনতার দরবারে দেখা করার পর পুরসভার তরফে তাঁদের থাকার সুব্যবস্থাও করা হয়েছিল। আগের সেই আচরণের জন্য পরবর্তীতে অবশ্য আরও নরম সুরে বুঝিয়ে বলা উচিত ছিল বলে স্বীকার করেছিলেন মন্ত্রী। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই রাখির উৎসবে ফুটপাথবাসীদের আপন করে নিয়ে নতুন এক বার্তাই দিলেন অগ্নিমিত্রা।
হিডেন স্টোরিজ নিউজ

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন