দুর্গাপুরঃ স্কুলে তখন পুরোদমে ক্লাস চলছে। আচমকাই দ্বিতীয় শ্রেণির ঘরে চোখে পড়ল বিশালাকার এক বিষধর সাপ। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা স্কুলে। ভয় পেয়ে ছোটাছুটি শুরু করে খুদে পড়ুয়ারা। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুরের বুদবুদ এলাকায়।
ঘটনাটি বুদবুদের খেতুড়া আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ের। মঙ্গলবার স্কুল শুরুর কিছুক্ষণ পরই দ্বিতীয় শ্রেণির ক্লাসরুমে ঢুকে পড়ে একটি চন্দ্রবোড়া। খবর ছড়িয়ে পড়তেই স্কুলের অন্যান্য ঘর থেকেও শিক্ষক ও পড়ুয়ারা বেরিয়ে আসেন। পরে স্থানীয় এক যুবক স্কুলে এসে সাপটিকে ধরে ফেলেন। ফলে কোনও পড়ুয়া বা শিক্ষক সাপের কামড়ের শিকার হননি। স্কুলের প্রধান শিক্ষক শেখ সিরাজুল হকের দাবি, এর আগেও একাধিকবার স্কুলের ভিতরে সাপ ঢুকে পড়েছে। বর্ষাকালে এই সমস্যা আরও বাড়ে।
অভিভাবকদের অভিযোগ, স্কুলের চারপাশে বেশ কিছু জায়গায় ঝোপঝাড় রয়েছে। তার কাছেই রয়েছে বড় একটি জলাশয়। তাঁদের আশঙ্কা, ওই এলাকা থেকেই সাপ স্কুলচত্বরে ঢুকে পড়ছে। এমনকী স্কুলের ভিতরেও বিষধর সাপের আস্তানা থাকতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। কলকাতার ভবানীপুরের স্কুলে বিষধর সাপ উদ্ধারের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার দুর্গাপুরের স্কুলে দেখা গেল চন্দ্রবোড়া। পরপর এমন ঘটনায় স্কুলে পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন