বোলপুর: সাড়ে ২৮ কোটি টাকা ও ১৫ কেজি সোনা উদ্ধারের রেশ কাটতে না কাটতেই বীরভূমে ফের পুলিশের বড় অ্যাকশন! শান্তিনিকেতনের সোনাঝুড়ি জঙ্গলের পিছনের একটি বাড়িতে আচমকা তল্লাশি চালিয়ে ‘পাথর সম্রাট’ টুলু মণ্ডলের তিন ঘনিষ্ঠকে আটক করল পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই ওই বাড়িতে গা-ঢাকা দিয়ে ছিল তারা। বাড়ির ঢোকার মুখে মাসের পর মাস পড়ে থাকা একটি সন্দেহভাজন গাড়িও পুলিশের নজরে এসেছে, যা টুলুর শ্যালক এমডি শামসুর আলমের বলে সূত্রের খবর। যদিও এই অভিযান ও গাড়ি বাজেয়াপ্ত করা নিয়ে পুলিশের তরফে এখনও সরকারিভাবে মুখ খোলা হয়নি।
অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বলে পরিচিত টুলু মণ্ডল দীর্ঘদিন ধরেই পলাতক। গত ৪ মে বিধানসভা ভোটের ফল প্রকাশের পর থেকেই তিনি বেপাত্তা। সম্প্রতি মহম্মদবাজারের ডেউচায় টুলুর আত্মীয় মিনারের বাড়ি থেকে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ নগদ টাকা ও সোনার পরেই তাঁর খোঁজে সাঁড়াশি তল্লাশি শুরু করে বীরভূম জেলা পুলিশ। বীরভূমের পুলিশ সুপার বিদিত রাজ বুন্দেশ জানিয়েছেন, এখনও পর্যন্ত টুলুর প্রায় ২২০ কোটি টাকার সম্পত্তি ফ্রিজ করা হয়েছে। একের পর এক খুনের মামলা ও জালিয়াতির অপরাধে অভিযুক্ত টুলু বর্তমানে হাইকোর্টে রক্ষাকবচের আবেদন জানিয়েছেন এবং মনে করা হচ্ছে তিনি বিদেশেই চম্পট দিয়েছেন। তবে শান্তিনিকেতনের এই গোপন আস্তানায় পুলিশি হানায় মূল অভিযুক্তের কাছে পৌঁছানোর নতুন সূত্র মিলতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
হিডেন স্টোরিজ নিউজ

সোমবার, ১০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন