রান্নার গ্যাসের ই-কেওয়াইসি নিয়ে গ্রাহকদের মধ্যে তৈরি হওয়া জটিলতা কাটাতে ফের সময়সীমা বাড়ানো হল। এবার ৩১ আগস্ট পর্যন্ত এলপিজি ই-কেওয়াইসি করার সুযোগ থাকছে। এর আগে প্রথমে ১৬ আগস্ট এবং পরে ২৩ আগস্ট পর্যন্ত সময় দেওয়া হয়েছিল।
গ্যাস সরবরাহকারী তিন প্রধান সংস্থার হিসাব অনুযায়ী, এখনও প্রায় ১৩ শতাংশ গ্রাহকের ই-কেওয়াইসি বাকি। ফলে সময়সীমা একাধিকবার বাড়ানো হলেও পুরো প্রক্রিয়া শেষ করা যাচ্ছে না। তবে শুধু ই-কেওয়াইসি নয়, গ্যাস সংযোগের ক্ষেত্রে নাম পরিবর্তন এবং কোনও গ্রাহকের মৃত্যু হলে তাঁর সংযোগ পরিবারের যোগ্য সদস্যের নামে স্থানান্তর করাও এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। পরিবারে বাবা মারা গেলে মায়ের নামে সংযোগ স্থানান্তরের আবেদন করা যেতে পারে। বাবা-মা দু’জনেই না থাকলে ছেলে বা মেয়ের নামে সংযোগ করার সুযোগ রয়েছে।
এদিকে E-KYC নিয়ে গ্রাহকদের সবচেয়ে বড় প্রশ্ন, ৩১ আগস্টের মধ্যে কাজ শেষ না করলে কী হবে? ই-কেওয়াইসি সম্পূর্ণ না থাকলে ভবিষ্যতে পরিষেবা পেতে সমস্যা তৈরি হতে পারে বলে জানানো হয়েছে। বিশেষ করে ভর্তুকি পাওয়ার ক্ষেত্রে জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। এমনকী সিলিন্ডার বুকিংয়েও বাধা আসতে পারে। ডিস্ট্রিবিউটরদের সংগঠনের কর্তার আবেদন, সময়সীমা বাড়ানো হয়েছে বলে বিষয়টি ফেলে রাখা উচিত নয়। বাড়িতে বসেই সংশ্লিষ্ট অ্যাপের মাধ্যমে ই-কেওয়াইসি করা সম্ভব। প্রয়োজনে গ্যাস সরবরাহকারী সংস্থার অফিস বা ডিস্ট্রিবিউটরের কাছেও গিয়ে কর্মীদের সাহায্য নেওয়া যাবে।

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন