প্যারিস: ঝকঝকে র্যাম্প। সেখান দিয়ে যে মডেল দৃপ্ত ভঙ্গিতে হেঁটে আসছেন, তাঁর পরনে হিরে খচিত অন্তর্বাস। র্যাম্পের দু’ধারে অতিথিদের বসার জায়গা। আসনে যাঁরা রয়েছেন, তাঁদের কেউ সমাজের নামজাদা। কারও খ্যাতি ফ্যাশন এবং গ্ল্যামার জগতে। এঁরা প্রত্যেকেই দেখতে এসেছেন, ২০২৬ সালে নজর কাড়তে চলেছে কেমন সাজগোজ। কিংবা সাজের মাধ্যমে সামাজকে কোনও বিশেষ বার্তা দেওয়া হচ্ছে কি না।
জামাকাপড় কেনার সময় আমরা সাধারণত আরাম আর দেখতে কেমন লাগছে, সেটাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিই। কিন্তু ফ্যাশনের উচ্চবিত্ত জগতে অন্তর্বাস এখন আর শুধু সাধারণ কোনও পোশাক নয়, এটা আভিজাত্য আর দেখনদারির এক অদ্ভুত প্রতীক হয়ে উঠেছে। হিরে, সোনা আর দামি সব রত্নপাথর বসানো এমন কিছু অন্তর্বাস তৈরি হয়েছে, যেগুলোর দাম শুনলে যে কারোর চোখ কপালে উঠতে বাধ্য। প্যারিস ফ্যাশন উইকে অভিনেত্রী এমা করিনের পরা 'মিউ মিউ' ব্র্যান্ডের সাড়ে পাঁচ লাখ টাকার সোনালি অন্তর্বাস থেকে শুরু করে শত কোটি টাকার হিরের বিকিনি—এই বিলাসিতা দেখে হতবাক সাধারণ মানুষ।
ফ্যাশন ইতিহাসের সবচেয়ে চমকপ্রদ ঘটনা ঘটেছিল ২০১২ সালে। নিউ ইয়র্কের অলঙ্কারশিল্পী সুজ়ান রোজেন তৈরি করেন সম্পূর্ণ প্ল্যাটিনাম ও ১৫০ ক্যারেটের খাঁটি হিরে দিয়ে সাজানো এক 'ডায়মন্ড বিকিনি'। মডেল মলি সিমসের পরা এই বিকিনিটির দাম ছিল প্রায় ২৮৫ কোটি টাকা, যা বিশ্বের সবচেয়ে দামি বিকিনি হিসেবে গিনেস বুকেও নাম তোলে। পিছিয়ে নেই বিখ্যাত ব্র্যান্ড 'ভিক্টোরিয়া'জ সিক্রেট'। ২০০০ সালে সুপারমডেল জেজ়েল বান্ডচেনের পরা চুনি ও হিরে দিয়ে তৈরি অন্তর্বাসের দাম ছিল প্রায় ১৪২ কোটি টাকা। একইভাবে হাইডি ক্লুমের পরা নীলকান্তমণি ও হিরে বসানো অন্তর্বাসের দাম ওঠে ১১৪ কোটি এবং টাইরা ব্যাঙ্কসের পরা হিরের অন্তর্বাসের দাম ছিল প্রায় ৯৪ কোটি টাকা।
এই তালিকায় জায়গা করে নিয়েছেন ভারতীয় ডিজাইনাররাও। কলকাতার মেয়ে অনামিকা খন্না ৫০০ ক্যারেটের বেলজিয়ান হিরে দিয়ে একটি জমকালো 'ডায়মন্ড বাস্টিয়ার' তৈরি করেছিলেন, যার দাম প্রায় ১২ কোটি টাকা। নেটের শাড়ির সঙ্গে সেই পোশাক পরে সাড়া ফেলে দিয়েছিলেন মালাইকা অরোরা। শুধু নতুন পোশাকই নয়, তারকাদের পুরনো অন্তর্বাসও নিলামে বিক্রি হয়েছে লাখ লাখ টাকায়। আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের চর্চিত প্রেমিকা মনিকা লিউনস্কির একটি ব্যবহৃত রাতপোশাক নিলামে ১১ লাখ টাকায় বিক্রি হয়। আবার পপ গায়িকা কাইলি মিনোগের পরা একটি অন্তর্বাস বিক্রি হয়েছিল প্রায় ৭ লাখ টাকায়। ফ্যাশনপ্রেমীদের এই পাগলামি প্রমাণ করে, বিলাসিতার কাছে সাধারণ যুক্তিও অনেক সময় হার মেনে যায়।

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন