আলিপুরদুয়ারঃ আবর্জনার স্তূপে পড়ে থাকা একটি ব্যাগ খুলতেই চোখ কপালে! ভিতরে রয়েছে গোছা গোছা আধার কার্ড। বিশেষভাবে পর্যবেক্ষণ করে দেখা গিয়েছে, কার্ডগুলি নকল নয়, আসল। বুধবার সকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আলিপুরদুয়ার পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডে। কিন্তু গুরুত্বপূর্ণ নথিগুলি কীভাবে আবর্জনার মধ্যে এল, তা নিয়ে তৈরি হয়েছে রহস্য।
সূত্রের খবর, এদিন সকালে বাড়ি বাড়ি থেকে আবর্জনা সংগ্রহ করছিলেন এক নির্মলবন্ধু কর্মী। পুলিশ ফাঁড়ির কাছে আবর্জনা তুলতে গিয়ে একটি ব্যাগ চোখে পড়ে। সন্দেহ হওয়ায় সেটি নিয়ে তিনি স্থানীয় কাউন্সিলর অরূপা রায়ের কাছে যান। ব্যাগ খুলতেই দেখা যায়, তার মধ্যে ভর্তি আধার কার্ড। প্রথমে কার্ডগুলি জাল বলেই ভেবেছিলেন কাউন্সিলর। কিন্তু পরে যাচাই করে দেখা যায়, আধার কার্ডগুলি আসল। আরও জানা যায়, কার্ডগুলির বেশিরভাগই শামুকতলা থানার দক্ষিণ চেপানি এলাকার বাসিন্দাদের। দ্রুত পুলিশকে খবর দেওয়া হয়। তদন্তে যোগ দেন সিআইডি-এর আধিকারিকরাও।
কাউন্সিলর অরূপা রায় জানিয়েছেন, “আধার কার্ডগুলি জল, কাদায় ভর্তি ছিল। পরিষ্কার করে দেখলাম সবগুলি দক্ষিণ চেপানি এলাকার বাসিন্দাদের আধার কার্ড। সেগুলি এই এলাকায় কীভাবে এল তা বুঝতে পারছি না। আধার কার্ড একটি গুরুত্বপূর্ণ নথি। সেগুলি সংশ্লিষ্ট মানুষের কাছে পৌঁছে দিতে ফেসবুকে পোস্ট করেছি। সাধারণত পোস্ট অফিস থেকেই আধার কার্ডগুলি বিতরণ করা হয়।” উদ্ধার হওয়া আধার কার্ডগুলির মালিক যাঁরা, তাঁদের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁদের পরিচয় শনাক্ত করে দ্রুত নথিগুলি ফিরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।
বিষয় : Aadhar Card Alipurduar

বুধবার, ২৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন