কলকাতাঃ ক্যামাক স্ট্রিটের বিলবোর্ড কাণ্ড ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। বৃহস্পতিবারের অশান্তির ঘটনায় এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে পৌঁছল লালবাজারের সায়েন্টিফিক উইং। ঘটনাস্থল ঘুরে দেখে স্কেচ তৈরি করার পাশাপাশি বিভিন্ন জায়গার ছবি তোলেন পুলিশের আধিকারিকরা।
জানা গিয়েছে, তদন্তকারী অফিসারদের সঙ্গে নিয়ে তাঁরা গেট থেকে শুরু করে সিঁড়ি হয়ে বিল্ডিংয়ের বিভিন্ন অংশ পরিদর্শন করেন। অশান্তি হয়েছিল যে জায়গাগুলিতে, সেখানকার অবস্থান এবং কাঠামো স্কেচের মাধ্যমে তুলে ধরা হয়। সেই অনুযায়ী ছবি তোলেন পুলিশের ফটোগ্রাফাররা। জানা যাচ্ছে, ঘটনার দিন ঠিক কোন জায়গায় কতজনের উপস্থিতি ছিল, কার অবস্থান কোথায় ছিল এবং পুরসভার আধিকারিক ও পুলিশকর্মীদের চলাচলের পথে কীভাবে বাধা তৈরি হয়েছিল এই সংক্রান্ত তথ্যও সংগ্রহ করা হয়েছে। বিল্ডিংয়ে মোট কতগুলি সিঁড়ি রয়েছে, সেগুলির মাপ এবং নির্দিষ্ট জায়গায় আনুমানিক কতজন মানুষ দাঁড়াতে পারেন, সেই তথ্যও নেওয়া হয়।
তদন্তকারীদের কাছে ঘটনাস্থলের কাঠামোগত ছবি স্পষ্ট করতেই এই স্কেচ ও ছবি সংগ্রহ বলে পুলিশ সূত্রে খবর। অর্থাৎ, ঘটনার সময় ঠিক কী হয়েছিল, সেই বিষয়ে পরবর্তী তদন্তে ঘটনাস্থলের বিন্যাসকে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ব্যবহার করা হতে পারে।
বিষয় : Abhishek Banerjee Lalbazar

সোমবার, ৩১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন