ঘরে পড়ে থাকা পাকা তাল কীভাবে কাজে লাগাবেন? বড়া-পিঠে ছেড়ে এবার চেখে দেখুন ‘তালের পাতুরি’
তালের মরসুম মানেই বাড়িতে একের পর এক নিত্যনতুন পদ। কখনও তালের বড়া, কখনও পিঠে, আবার কখনও পুডিং। জন্মাষ্টমী পেরিয়ে গেলেও ঘরে যদি পাকা তাল পড়ে থাকে, তা ফেলে দেবেন না। এ বার স্বাদ বদলে বানিয়ে ফেলতে পারেন একেবারে অন্যরকম একটি পদ - তালের পাতুরি। অনেকের কাছে এই রান্না ‘তালের পাতাপোড়া’ নামেও পরিচিত। নাম শুনে কঠিন মনে হলেও বানানোর পদ্ধতি বেশ সহজ। বাড়িতে থাকা কয়েকটি সাধারণ উপকরণেই তৈরি হয়ে যাবে এই মিষ্টি পদ।কী কী লাগবে?একটি বড় পাকা তাল, ২ হাতা চালের গুঁড়ো, ১ হাতা সুজি, ২ মুঠো কোরানো নারকেল, দেড় টেবিল চামচ আখের গুড়, স্বাদমতো চিনি, ১ চা-চামচ ঘি এবং ১ চা-চামচ সাদা তেল। কীভাবে বানাবেন?প্রথমে পাকা তাল ছাড়িয়ে অল্প জল দিয়ে ভালো করে ছাঁকনির সাহায্যে তালের ক্বাথ বের করে নিন। এ বার সেই ক্বাথে চালের গুঁড়ো মেশান। মিশ্রণটি বেশি পাতলা হয়ে গেলে আরও সামান্য চালের গুঁড়ো দিতে পারেন। এর পর সুজি, কোরানো নারকেল, গুড় এবং চিনি দিয়ে সব উপকরণ ভালো করে মেখে নিন। মিশ্রণটি মাঝারি ঘন থাকলেই পাতুরির জন্য উপযুক্ত হবে।এ বার নারকেলের পাতা ছোট ছোট টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিন। পাতার এক পাশে অল্প ঘি মাখিয়ে নিন। ঘি ব্যবহার করতে না চাইলেও বাদ দিতে পারেন। এরপর চামচের সাহায্যে প্রতিটি পাতার উপর সামান্য করে তালের মিশ্রণ দিন। তার পর চামচ দিয়ে অল্প চেপে পাতার উপর ছড়িয়ে দিয়ে পাতাটি এক ভাঁজ করে মুড়ে নিন।পরের ধাপে, তাওয়া গরম করে সামান্য সাদা তেল ব্রাশ করে নিন। তাওয়ার উপর ২-৩টি পাতুরি রেখে ঢিমে আঁচে ধীরে ধীরে ভাজুন। এক দিক হয়ে এলে উল্টে অন্য দিকটিও ভেজে নিন। এখানে তাড়াহুড়ো করা চলবে না। আঁচ বেশি হলে পাতা পুড়ে যেতে পারে, অথচ ভিতরের তালের মিশ্রণ কাঁচাই থেকে যেতে পারে। তাই প্রয়োজন অনুযায়ী কয়েক বার উল্টে-পাল্টে ধীরে ধীরে সেঁকে নিন। পাতুরির ভিতরের মিশ্রণ কিছুটা শক্ত হয়ে এলে বুঝবেন রান্না হয়ে গিয়েছে। তখন তাওয়া থেকে নামিয়ে একটু ঠান্ডা করে পাতা খুলে নিন। সবশেষে গরম গরম নরম, মিষ্টি আর নারকেলের স্বাদ মেশানো তালের পাতুরি পরিবেশন করুন।