Hidden Stories (বাংলা)

এক বছরেই ১.৩৩ কোটি! প্রথম বর্ষপূর্তির আগেই বিশ্বরেকর্ডের পথে দিঘার জগন্নাথ ধাম

দিঘা: উদ্বোধনের মাত্র এক বছরের মধ্যেই আধ্যাত্মিক পর্যটনের মানচিত্রে ইতিহাস গড়ল দিঘার জগন্নাথ ধাম। আগামী ৩০ এপ্রিল মন্দিরের প্রথম বর্ষপূর্তি, আর তার আগেই সামনে এল এক বিস্ময়কর পরিসংখ্যান। গত এক বছরে এই মন্দিরে পা রেখেছেন ১ কোটি ৩৩ লক্ষেরও বেশি দর্শনার্থী। ২০২৫ সালের ৩০ এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে এই ধামের দ্বারোদ্ঘাটন হয়েছিল। তারপর থেকে অতি অল্প সময়ের মধ্যেই পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি এই ধাম দেশ-বিদেশের পর্যটক ও পুণ্যার্থীদের অন্যতম প্রধান গন্তব্যে পরিণত হয়েছে। বিশেষত ইস্কনের অনুগামীদের আনাগোনা এই মন্দিরের গরিমা আন্তর্জাতিক স্তরে পৌঁছে দিয়েছে।[TECHTARANGA-POST:8166]এই বিপুল জনজোয়ার কেবল আধ্যাত্মিক সাফল্যে সীমাবদ্ধ নেই, বরং দিঘার সামগ্রিক অর্থনীতিতে এক নতুন জোয়ার এনেছে। সারাবছর পর্যটকদের ভিড় থাকায় স্থানীয় হোটেল ব্যবসা, পরিবহণ এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের রোজগার কয়েক গুণ বেড়ে গিয়েছে। ইস্কন কলকাতার সহ-সভাপতি তথা মন্দিরের ট্রাস্টি রাধারমন দাস বলেন, “১.৩৩ কোটিরও বেশি ভক্তের আগমন ভগবান জগন্নাথের অসীম কৃপার প্রতিফলন। এই ধাম যেমন মানুষের আধ্যাত্মিক তৃষ্ণা মেটাচ্ছে, তেমনই স্থানীয় মানুষের জীবিকায় নতুন দিগন্ত খুলে দিয়েছে।” তাঁর মতে, দিঘার এই মন্দির এখন ভক্তির এমন এক কেন্দ্র যেখানে সব ভেদাভেদ ভুলে মানুষ একত্রিত হচ্ছে।[TECHTARANGA-POST:8153]অক্ষয় তৃতীয়া উপলক্ষে মন্দিরের প্রথম বর্ষপূর্তিতে আয়োজিত হতে চলেছে এক বিশাল ‘ব্রহ্মোৎসব’। মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এই বিশেষ লগ্নে মন্দিরে চৈতন্য মহাপ্রভু ও নিতাইয়ের বিগ্রহের প্রাণ-প্রতিষ্ঠা করা হবে। আজ সন্ধ্যা থেকেই শুরু হচ্ছে বর্ণাঢ্য আচার-অনুষ্ঠান, যার মধ্যে থাকছে আদিবাস ও দর্পণ অভিষেক। আগামীকাল, ২০ এপ্রিল সকালে অনুষ্ঠিত হবে শ্রী বিষ্ণু নরসিংহ যজ্ঞ, মহাস্নান বা অভিষেক এবং ছাপ্পান্ন ভোগ নিবেদন। উৎসবের মূল আকর্ষণ হিসেবে সন্ধ্যায় থাকবে পালকি উৎসব, নৌকা-বিহার এবং পুষ্পবৃষ্টি। বর্ষপূর্তির এই মহাউৎসবে অংশ নিতে দিঘায় লক্ষাধিক ভক্তের সমাগম হবে বলে আশা করা হচ্ছে।

এক বছরেই ১.৩৩ কোটি! প্রথম বর্ষপূর্তির আগেই বিশ্বরেকর্ডের পথে দিঘার জগন্নাথ ধাম

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার