রিল বানালেই মিলবে ২০ হাজার! ছাব্বিশের ভোট লক্ষ্যে এবার ‘ডিজিটাল যোদ্ধা’ তৈরিতে কোটি কোটি টাকা ঢালছে বিজেপি
কলকাতা: ২০২৬-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এবার ডিজিটাল ময়দানে কোমর বেঁধে নামছে বঙ্গ বিজেপি। সাধারণ জনসভার পাশাপাশি এবার সমাজমাধ্যমের প্রভাবশালী মুখ বা কন্টেন্ট ক্রিয়েটরদের হাতিয়ার করতে চাইছে পদ্মশিবির। লক্ষ্য একটাই— নবীন প্রজন্মের ভোটারদের কাছে দলের বার্তা সরাসরি পৌঁছে দেওয়া। আর এই কাজের জন্য মোটা টাকা বরাদ্দ করেছে বিজেপি নেতৃত্ব। [TECHTARANGA-POST:6765]জানা গিয়েছে, বিজেপির হয়ে একটি রিল বানালেই মিলবে নগদ ২০ হাজার টাকা। তবে এই আয়ের সুযোগ পেতে গেলে থাকতে হবে নির্দিষ্ট কিছু যোগ্যতা। যেমন, ওই ক্রিয়েটরের ইনস্টাগ্রামে অন্তত ১৫ হাজার ফলোয়ার্স থাকা বাধ্যতামূলক এবং ভিডিওতে গড়ে ১০ থেকে ১৫ হাজার ভিউ থাকতে হবে। একইসঙ্গে প্রচার হতে হবে সম্পূর্ণ পশ্চিমবঙ্গ ভিত্তিক। যারা বিজেপির হয়ে এই প্রচারে অংশ নিতে ইচ্ছুক, তাঁদের জন্য একটি নির্দিষ্ট লিংক দেওয়া হচ্ছে, যেখানে ফর্ম ফিলাপ করে আবেদন করা যাবে।[TECHTARANGA-POST:6763]রাজনীতির লড়াই এখন কেবল মাঠ-ঘাটে সীমাবদ্ধ নেই, তা পৌঁছে গিয়েছে স্মার্টফোনের স্ক্রিনে। বিজেপি একা নয়, তৃণমূল কংগ্রেসও ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৈরি করেছে বিশাল ‘ডিজিটাল যোদ্ধা’ বাহিনী। অন্যদিকে, কেন্দ্রীয় বাজেটেও অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য বিশেষ স্বীকৃতির কথা ঘোষণা করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটারদের মন জয়ে এখন দেওয়াল লিখনের চেয়েও বেশি কার্যকর হচ্ছে ছোট ছোট ভিডিও বা রিল। আর সেই কারণেই ডিজিটাল যোদ্ধাদের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করতেও দ্বিধাবোধ করছে না রাজনৈতিক দলগুলো।