Abhishek Banerjee: “৪ বার আক্রমণ, কিছু হলে দায় কার?” অভিষেকের জেড প্লাস নিরাপত্তা ছাঁটাইয়ে ফুঁসে উঠল হাইকোর্ট, মেগা রিপোর্ট তলব!
কলকাতা: রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 'জেড প্লাস' (Z+) ক্যাটাগরির উচ্চনিরাপত্তা আকস্মিকভাবে প্রত্যাহার করে নেওয়া নিয়ে এবার চরম ক্ষোভপ্রকাশ করল কলকাতা হাইকোর্ট। বর্তমানে স্রেফ হোম গার্ডের ভরসায় দিন কাটাতে হওয়ায় নিজের সুরক্ষা সুনিশ্চিত করতে আদালতের দরজায় কড়া নেড়েছিলেন তৃণমূল সাংসদ। মঙ্গলবার সেই হাইভোল্টেজ মামলার শুনানিতে বিচারপতি কৃষ্ণা রাও রাজ্য সরকারের কাছে অবিলম্বে পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছেন।আদালতে সওয়াল-জবাব চলাকালীন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী শঙ্করনারায়ণ একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আনেন। তিনি জানান, ২০১৩ সালে অভিষেককে 'Y' ক্যাটাগরি, ২০১৪-তে 'Y+', ২০১৫-তে 'Z' এবং ২০১৬ সাল থেকে তিনি 'Z+' ক্যাটাগরির সর্বোচ্চ নিরাপত্তা পেয়ে আসছিলেন। কিন্তু ২০২৬ সালের মে মাসে রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরপরই, গত ১০ মে কোনো রকম আগাম নোটিস বা কারণ দর্শানো ছাড়াই বেআইনিভাবে এই নিরাপত্তা প্রত্যাহার করা হয়। 'Z+' থেকে সোজা 'X' ক্যাটাগরিতে নামিয়ে এনে মাত্র দুজন নিরাপত্তারক্ষী দেওয়া হয়। আইনজীবী অভিযোগ করেন, নিরাপত্তা ছাঁটাইয়ের মাত্র ১৯ দিনের মাথায় সোনারপুরে অভিষেকের ওপর হামলা হয়। এরপর ডায়মন্ড হারবার ও ক্যামাক স্ট্রিটের কার্যালয়সহ মোট ৪টি পৃথক জায়গায় তাঁর ওপর প্রাণঘাতী আক্রমণ চলেছে। এমনকি বিমানবন্দরে এক হামলাকারী রিভলভার নিয়েও তাঁর দিকে তেড়ে গিয়েছিল।[TECHTARANGA-POST:13398]সব শুনে বিচারপতি কৃষ্ণা রাও তীব্র অসন্তোষ প্রকাশ করে পর্যবেক্ষণ জানান, “এত তাড়াহুড়ো করে কোনো নির্দেশ ছাড়া কীভাবে নিরাপত্তা তুলে নেওয়া হলো? ইতিমধ্যে ৪টি হামলার ঘটনা ঘটে গিয়েছে, যদি পাথরের আঘাতে কোনো বড় বিপদ ঘটত তবে তার দায় কে নিত?” সম্প্রতি অভিষেকের বাড়ির সামনের পুলিশ কিয়স্কও সরিয়ে ফেলা হয়েছে বলে জানা গিয়েছে। কেন্দ্র ও রাজ্যের এই ভূমিকার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন প্রাক্তন শাসক দলের কর্মী-সমর্থকেরা। মামলাটি অত্যন্ত স্পর্শকাতর বিবেচনা করে রাজ্য সরকারকে লিখিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। আগামী ১৩ অক্টোবর এই মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে।