ছিল 'নেতাজি সুভাষ রোড', হয়ে গেল 'ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী রোড'! রামপুরহাটে রাস্তায় বিরোধীরা
রামপুরহাট: বীরভূমের রামপুরহাটে ঐতিহ্যবাহী এক রাস্তার নামবদল ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানউতোর। রামপুরহাট পুরসভার পাঁচমাথা মোড় থেকে ঝনঝনিয়া পুল পর্যন্ত বিস্তৃত প্রায় তিন কিলোমিটার দীর্ঘ ঐতিহাসিক ‘নেতাজি সুভাষ রোড’-এর নাম রাতারাতি পরিবর্তন করে বসানো হয়েছে ‘ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী রোড’-এর নামফলক। গৈরিক রঙের এই নয়া নামফলক উদ্বোধনে উপস্থিত ছিলেন স্থানীয় বিজেপি বিধায়ক ধ্রুব সাহা। দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে থাকা রাস্তার এই আচমকা পরিবর্তন প্রকাশ্যে আসতেই তীব্র ক্ষোভের আগুন জ্বলে উঠেছে রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষের মনে।[TECHTARANGA-POST:11627]রামপুরহাট পুরসভার তরফে জানানো হয়েছে, এই নামবদলের জন্য কোনো প্রকার লিখিত আবেদন জমা পড়েনি কিংবা পুরবোর্ড বা রাজ্য প্রশাসনের অনুমতিও নেওয়া হয়নি। একক সিদ্ধান্তে বা বেআইনিভাবে কোনো বিধায়ক রাস্তার নাম পরিবর্তন করতে পারেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন পুর চেয়ারম্যান। অন্যদিকে বিজেপি বিধায়ক ধ্রুব সাহার দাবি, পুরসভার নথিতে রাস্তাটির কোনো নির্দিষ্ট নাম উল্লেখ ছিল না এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মতিথিতে এই নামফলক ও মূর্তি উদ্বোধনের সময় পুর চেয়ারম্যান নিজেও উপস্থিত ছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে সুর চড়িয়েছে বিরোধী সিপিআইএম ও কংগ্রেস নেতৃত্ব; নেতাজির নাম মুছে ফেলার এই গৈরিকীকরণের প্রচেষ্টাকে চরম অপমানজনক আখ্যা দিয়ে অনতিবিলম্বে রাস্তাটির নাম পুনরায় ‘নেতাজি সুভাষ রোড’ রাখার দাবি জানিয়েছে তারা।