আত্মহত্যার চেষ্টা ঘিরে সকাল-দুপুরে বিঘ্নিত মেট্রো পরিষেবা, চরম ভোগান্তি যাত্রীদের
শনিবার সকালে ও দুপুরে একই দিনে দু’বার মেট্রো বিভ্রাটে ভোগান্তির শিকার হল কলকাতা। ব্লু লাইনে পরপর দুইবার আত্মহত্যার চেষ্টা ঘিরে ব্যাহত হয় মেট্রো পরিষেবা, চরম সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা।[TECHTARANGA-POST:10337]প্রথম ঘটনাটি ঘটে সকাল ৭টা ২০ নাগাদ কালীঘাট স্টেশনে। অভিযোগ, এক ব্যক্তি আপ লাইনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। মেট্রোর নিরাপত্তারক্ষীরা দ্রুত পদক্ষেপ নিয়ে তাঁকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। তবে ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ব্লু লাইনে পরিষেবা ব্যাহত হয়। ওই সময় আপ লাইনে আংশিকভাবে মেট্রো চলাচল করলেও কিছু রুটে পরিষেবা বন্ধ হয়ে যায়। এরপর দুপুর ৩টা ৭ মিনিট নাগাদ ফের একই ধরনের ঘটনা ঘটে বেলগাছিয়া স্টেশনে। এবার ডাউন লাইনে শহিদ ক্ষুদিরামগামী একটি ট্রেনের সামনে ঝাঁপ দেন এক ব্যক্তি বলে জানা গিয়েছে। ফের তৎপরতার সঙ্গে তাঁকেও উদ্ধার করেন নিরাপত্তারক্ষীরা। তবে এই ঘটনার পর দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক পর্যন্ত পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।[TECHTARANGA-POST:10335]পরপর দুই ঘটনার জেরে দিনের বেশিরভাগ সময়ই ব্লু লাইনে আংশিকভাবে মেট্রো চলাচল করে। কোথাও গিরিশ পার্ক থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত সীমিত পরিষেবা চালু থাকলেও, দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক রুটে পরিষেবা ব্যাহত থাকে। শনিবার ছুটির দিন হওয়ায় দুপুরে ভিড় তুলনামূলক কম থাকলেও, হঠাৎ পরিষেবা বিঘ্নিত হওয়ায় দুর্ভোগে পড়েন বহু যাত্রী। কলকাতা মেট্রো সূত্রে জানা গিয়েছে, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করে সম্পূর্ণ পরিষেবা পুনরুদ্ধারের চেষ্টা চলছে।