Jagaddal Crime: জগদ্দলে মাঝরাতে রক্তগঙ্গা! গলায় ধারালো অস্ত্রের কোপ মেরে থানায় গিয়ে আত্মসমর্পণ, নেপথ্যে পুরনো শত্রুতা নাকি অন্য খেলা?
জগদ্দল: উত্তর ২৪ পরগনার জগদ্দলে মাঝরাতে ভয়াবহ হত্যাকাণ্ডে তীব্র চাঞ্চল্য ছড়াল। জগদ্দল থানার অদূরেই রাজেশ তিওয়ারি (৫০) নামে এক ব্যক্তিকে গলায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে তিনসুকিয়া লেন এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো, এই নৃশংস ঘটনার পরই রক্তমাখা পোশাক পরে সরাসরি থানায় গিয়ে আত্মসমর্পণ করে অভিযুক্ত যুবক, যার নাম কারু। পুলিশ তৎক্ষণাৎ তাকে গ্রেপ্তার করেছে।স্থানীয় সূত্রের দাবি, বুধবার রাতে জগদ্দল থানার খুব কাছেই রাজেশের উপর অতর্কিতে হামলা চালায় অভিযুক্ত কারু। আচমকাই ধারালো অস্ত্র বের করে রাজেশের গলায় কোপ মারে সে। রক্তে ভেসে যান রাজেশ। চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন এবং আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে নিকটবর্তী ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। কিন্তু ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।নিহত রাজেশ তিওয়ারি একসময় এলাকার প্রাক্তন বিধায়কের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। তাই প্রাথমিক তদন্তে রাজনৈতিক শত্রুতার পাশাপাশি পুরনো ব্যক্তিগত আক্রোশের বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। তবে এ বিষয়ে স্থানীয় বিজেপি নেতা প্রিয়ঙ্গু পাণ্ডে দাবি করেছেন, এই খুনের পেছনে কোনও রাজনীতি নেই, বরং টাকা-পয়সার লেনদেন নিয়ে বচসাই মূল কারণ। তাঁর বক্তব্য অনুযায়ী, নিহত রাজেশের বিরুদ্ধে একাধিক অপরাধমূলক মামলা ছিল এবং এলাকায় তাঁর পরিচিতি ছিল বিতর্কিত ব্যক্তি হিসেবে। রাতে মদ্যপ অবস্থায় নিজেদের মধ্যে গন্ডগোলের জেরেই কারু এই হামলা চালায়।খুনের প্রকৃত কারণ কী, তা জানতে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। মদের আসরে বচসার জেরে এই হত্যাকাণ্ড নাকি এর পেছনে অন্য কোনও গভীর চক্রান্ত লুকিয়ে রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে জগদ্দল থানার পুলিশ। ভরসন্ধ্যায় থানা থেকে ঢিলছোড়া দূরত্বে এমন ঘটনায় নিরাপত্তা নিয়ে আতঙ্কিত এলাকাবাসী।