টুলুর আত্মীয়ের গাড়িতে বিদেশি মুদ্রা! বোলপুরের নাকা চেকিংয়ে হাওয়ালা-যোগের জল্পনা
বীরভূমঃ ফের আলোচনায় পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল। বোলপুর-ইলামবাজার রাস্তায় মহিদাপুর সংলগ্ন এলাকায় নাকা চেকিংয়ের সময় একটি গাড়ি থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ ভারতীয় ও বিদেশি মুদ্রা। ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ। পরে জানা গিয়েছে, আটক যুবক টুলু মণ্ডলের আত্মীয়।[TECHTARANGA-POST:12174]সোমবার দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে মহিদাপুর এলাকায় নাকা চেকিং শুরু করে পুলিশ। বোলপুরের অ্যাডিশনাল এসপি মানবেন্দ্র দাস এবং এসডিপিও অর্পিত আর পারেখের নেতৃত্বে চলে তল্লাশি। সেই সময় একটি গাড়ি থামিয়ে তল্লাশি চালাতেই মেলে বিপুল পরিমাণ ভারতীয় মুদ্রা। পাশাপাশি উদ্ধার হয় বিদেশি কারেন্সিও। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া বিদেশি মুদ্রার মধ্যে রয়েছে থাইল্যান্ডের বাথ। এই ঘটনায় গাড়িতে থাকা শান্ত শেখ নামে এক যুবককে আটক করা হয়েছে। তদন্তকারীরা তাঁর পরিচয় এবং মুদ্রাগুলির উৎস খতিয়ে দেখছেন। শান্ত শেখ টুলু মণ্ডলের আত্মীয়। [TECHTARANGA-POST:12142]তবে উদ্ধার হওয়া বিদেশি মুদ্রার সঙ্গে টুলু মণ্ডলের সরাসরি যোগ রয়েছে কি না, তা এখনও আনুষ্ঠানিকভাবে স্পষ্ট করেনি পুলিশ। স্থানীয়দের একাংশের দাবি, উদ্ধার হওয়া মুদ্রাগুলি টুলু মণ্ডলের। স্থানীয় মহলে এমনও আলোচনা শুরু হয়েছে, এর সঙ্গে হাওয়ালা কারবারের কোনও যোগ রয়েছে কি না।