Hidden Stories (বাংলা)

এক নিমেষে ডুবল ট্রলার! উত্তাল বঙ্গোপসাগরে প্রাণ হাতে করে ফিরলেন ১২ মৎস্যজীবী

উত্তাল বঙ্গোপসাগরে ফের ট্রলারডুবির ঘটনা। দক্ষিণ ২৪ পরগনার বকখালি উপকূল থেকে প্রায় ১২ থেকে ১৪ কিলোমিটার দূরে গভীর সমুদ্রে ডুবে গেল একটি মাছ ধরার ট্রলার। তবে মৃত্যুর মুখ থেকে অল্পের জন্য ফিরে এলেন ট্রলারে থাকা ১২ জন মৎস্যজীবী। ঢেউয়ের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর তাঁদের উদ্ধার করা হয়েছে। বর্তমানে সকলকেই ফ্রেজারগঞ্জে নিয়ে আসা হচ্ছে এবং তাঁদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।[TECHTARANGA-POST:10851]জানা গিয়েছে, সম্প্রতি প্রাকৃতিক দুর্যোগের কারণে গভীর সমুদ্রে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। গত ৮ জুলাই সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। তবে এখনও উত্তাল রয়েছে সমুদ্র। এই পরিস্থিতিতেই ‘আল ফাতেহা’ নামে একটি ট্রলার নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন ১২ জন মৎস্যজীবী। বকখালি সংলগ্ন সমুদ্র এলাকায় পৌঁছনোর পর আচমকাই বিপদের মুখে পড়ে ট্রলারটি। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ট্রলারের মেশিনের সঙ্গে যুক্ত একটি পাইপ ভেঙে যায়। ওই পাইপের মাধ্যমেই ট্রলারের ভিতরে ঢুকে পড়া জল বাইরে বেরিয়ে যায়। পাইপটি বিকল হয়ে যাওয়ায় দ্রুত ট্রলারের ভিতরে জল ঢুকতে শুরু করে। পরিস্থিতি বুঝে অনেকেই প্রাণ বাঁচাতে সমুদ্রে ঝাঁপ দেন। কিছুক্ষণের মধ্যেই ট্রলারটি সম্পূর্ণ ডুবে যায়।[TECHTARANGA-POST:10846]সমুদ্রে বিপদের খবর পেয়ে আশপাশে থাকা অন্য ট্রলারগুলি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। প্রবল ঢেউ এবং স্রোতের মধ্যেই শুরু হয় উদ্ধারকাজ। একে একে সকল মৎস্যজীবীকেই উদ্ধার করা সম্ভব হয়। পরে তাঁদের ট্রলারে তুলে নিরাপদে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়। ডুবে যাওয়া ট্রলারটিকেও উদ্ধারের চেষ্টা চলছে বলে জানা গিয়েছে। এদিকে, পূর্ব মেদিনীপুরের শংকরপুর থেকে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়ে যাওয়া ১৫ জন মৎস্যজীবীরও খোঁজ মিলেছে। গত ৬ জুলাই থেকে তাঁদের সঙ্গে কোনও যোগাযোগ করা যাচ্ছিল না। শনিবার সকালে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার গোবর্ধনপুরের কাছে বাঘেরচর এলাকায় তাঁদের অবস্থান জানতে পারে প্রশাসন। এই খবর সামনে আসতেই স্বস্তি ফিরেছে পরিবারগুলিতে।

এক নিমেষে ডুবল ট্রলার! উত্তাল বঙ্গোপসাগরে প্রাণ হাতে করে ফিরলেন ১২ মৎস্যজীবী

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার