Hidden Stories (বাংলা)

বাজার থেকে বাড়ি ফেরার পথেই সলিল সমাধি! জমা জলে মুখ থুবড়ে পড়ে রইলেন যুবক, ডোমজুড়ে ঘটে গেল হাড়হিম কাণ্ড

হাওড়া: একটানা ভারী বর্ষণে জলমগ্ন গোটা জেলা, আর সেই জমা জলই শেষ পর্যন্ত কেড়ে নিল এক তরতাজা তরুণের প্রাণ। ডোমজুড়ে জল ভেঙে হেঁটে বাড়ি ফেরার পথে জমা জলে পড়ে গিয়ে বেঘোরে মৃত্যু হলো এক যুবকের। বুধবার দুপুরে ডোমজুড়ের মাকড়দহ পূর্বাহ্নপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, মৃত ওই যুবকের নাম সহদেব বাছার (৩০)।[TECHTARANGA-POST:12233]নিম্নচাপের জেরে গত কয়েক দিন ধরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অবিশ্রান্ত বৃষ্টি চলছে। টানা বর্ষণের জেরে হাওড়ার বিস্তীর্ণ অঞ্চলের মতো ডোমজুড়ের মাকড়দহ এলাকাও কার্যত জলের তলায়। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, বুধবার দুপুরে নিত্যদিনের মতো বাজার সেরে জলমগ্ন রাস্তার ওপর দিয়েই হেঁটে নিজের বাড়ি ফিরছিলেন সহদেব। বাড়ির খুব কাছে পৌঁছতেই আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে জমা জলের মধ্যে মুখ থুবড়ে পড়ে যান তিনি। দীর্ঘক্ষণ ওই অবস্থাতেই নোংরা জলের মধ্যে পড়ে থাকার পর পথচলতি স্থানীয় বাসিন্দাদের চোখে পড়ে বিষয়টি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেওয়া হলেও দেখা যায় যুবকের দেহে কোনো সাড় নেই। এরপর ডোমজুড় থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে তাঁকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যায়, কিন্তু সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।[TECHTARANGA-POST:12214]প্রাথমিক তদন্ত ও পারিবারিক সূত্রে জানা গিয়েছে, মৃত যুবক আগে থেকেই মৃগী রোগে আক্রান্ত ছিলেন। তবে জমা জলের মধ্যে দিয়ে হেঁটে যাওয়ার সময়ই আচমকা সেই রোগ ফিরে এসেছিল কি না, নাকি অন্য কোনও শারীরিক অসুস্থতার জেরে পড়ে গিয়ে জলে ডুবে তাঁর মৃত্যু হয়েছে—তা এখনও স্পষ্ট নয়। মৃত্যুর সঠিক কারণ জানতে দেহটি ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ডোমজুড় থানার পুলিশ। সামান্য জমা জলে এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবারে কান্নার রোল উঠেছে এবং গোটা এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে।

 বাজার থেকে বাড়ি ফেরার পথেই সলিল সমাধি! জমা জলে মুখ থুবড়ে পড়ে রইলেন যুবক, ডোমজুড়ে ঘটে গেল হাড়হিম কাণ্ড