Hidden Stories (বাংলা)

চা বাগানেই হবে পদ্ম চাষ, পুজোর আগেই বাজারে আনতে প্রস্তুতি মাঝের ডাবরি চা বাগানের

চা বাগান কর্তৃপক্ষের দাবি, নতুন এই ‘পদ্ম চা’-র বাজারদর হতে পারে প্রতি কেজি ৮ থেকে ১০ হাজার টাকা। ফলে প্রিমিয়াম চায়ের বাজারে এটি নতুন সংযোজন হতে চলেছে বলেই মনে করা হচ্ছে। হঠাৎ এই উদ্যোগ কেন? মাঝের ডাবরি চা বাগানের ম্যানেজার চিন্ময় ধর জানান, “পদ্ম আমাদের জাতীয় ফুল। এর বহু ঔষধি ও পুষ্টিগুণ রয়েছে। সেই গুণাগুণকে চায়ের স্বাদের সঙ্গে মিলিয়ে নতুন ধরনের একটি প্রিমিয়াম চা তৈরি করার পরিকল্পনা নিয়েছি। এর আগে গোল্ড টি, ব্লু টি এবং রোজ টি তৈরি করে ভালো সাড়া পেয়েছি। এবার পদ্ম চা বাজারে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।” [TECHTARANGA-POST:10645]কিন্তু কীভাবে তৈরি হবে এই ‘পদ্ম চা’? মাঝের ডাবরি চা বাগান সূত্রে জানা গিয়েছে, নির্দিষ্ট প্রক্রিয়ায় পদ্ম ফুলের পাপড়ি সংগ্রহ করে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে তা শুকানো হবে। এরপর বিশেষ অনুপাতে সেই শুকনো পাপড়ি চা পাতার সঙ্গে মিশিয়ে প্রক্রিয়াকরণ করা হবে। বাগান কর্তৃপক্ষের দাবি, এই পদ্ধতিতে পদ্মের প্রাকৃতিক সুগন্ধ ও ভেষজ গুণ বজায় থাকবে। তবে চা পাতা ও পদ্মের পাপড়ির সঠিক অনুপাত নির্ধারণে এখনও গবেষণা চলছে। এদিকে, এই উদ্যোগকে ঘিরে বাজার বিশেষজ্ঞদের একাংশের ভিন্ন ব্যাখ্যাও সামনে এসেছে।[TECHTARANGA-POST:10631] তাঁদের মতে, রাজ্য ও কেন্দ্রে বর্তমানে বিজেপি ক্ষমতায় থাকায় ‘পদ্ম’ নামকে ঘিরে স্বাভাবিকভাবেই মানুষের আগ্রহ বেড়েছে। সেই প্রেক্ষিতে ‘পদ্ম চা’ শুধু নতুন স্বাদের পানীয় নয়, এটি একটি কার্যকর বিপণন কৌশলও হতে পারে। যদিও চা বাগান কর্তৃপক্ষের দাবি, রাজনৈতিক কোনও কারণ নয়, সম্পূর্ণ নতুন স্বাদ ও গুণসম্পন্ন একটি প্রিমিয়াম চা বাজারে আনাই তাদের লক্ষ্য। ডুয়ার্সের অন্যতম পরিচিত মাঝের ডাবরি চা বাগান এবার সেই লক্ষ্য নিয়েই পুজোর আগে বাজারে আনতে চলেছে এই অভিনব ‘পদ্ম চা’।

 চা বাগানেই হবে পদ্ম চাষ, পুজোর আগেই বাজারে আনতে প্রস্তুতি মাঝের ডাবরি চা বাগানের

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার