‘রাস্তা আপনার নয়’! বেআইনি পার্কিং-তোলাবাজি নিয়ে সল্টলেকে কড়া বার্তা অগ্নিমিত্রার
নাগরিকদের সমস্যা শুনতে এবার সরাসরি জনতার দরবারে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। শনিবার সল্টলেকে বিজেপি কার্যালয়ে প্রায় এক ঘণ্টা ধরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ‘মুখোমুখি’ কর্মসূচিতে কথা বললেন তিনি। নাগরিকদের অভিযোগ ও সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের আশ্বাসও দিয়েছেন তিনি।[TECHTARANGA-POST:11530]কর্মসূচি শেষে অবশ্য নাগরিক পরিষেবার পাশাপাশি শহরের বিভিন্ন সমস্যা নিয়েও সরব হন অগ্নিমিত্রা। রাস্তায় যত্রতত্র বালি, ইট, পাথর বা সুরকি ফেলে রাখার অভিযোগে বিল্ডারদের কড়া হুঁশিয়ারি দেন তিনি। তাঁর স্পষ্ট বার্তা, রাস্তা নির্মাণসামগ্রী রাখার জায়গা নয়। নিয়ম ভাঙলে মোটা অঙ্কের জরিমানা দিতে হবে। রাতের রাস্তায় বেআইনি পার্কিং নিয়েও কড়া অবস্থান নিয়েছেন মন্ত্রী। তাঁর অভিযোগ, অনেক জায়গায় রাতে বাস দাঁড়িয়ে থাকে। অনেকের বাড়িতে পার্কিংয়ের ব্যবস্থা থাকা সত্ত্বেও গাড়ি রাস্তায় রাখা হয়। এই প্রবণতা বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।[TECHTARANGA-POST:11448]তোলাবাজি এবং দাদাগিরি নিয়ে তাঁর বক্তব্য, দুর্নীতি, তোলাবাজি বা দাদাগিরি কোনওভাবেই বরদাস্ত করা হবে না। দলীয় নেতৃত্বও এ বিষয়ে কড়া ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বলে দাবি তাঁর। অগ্নিমিত্রা জানান, আপাতত কর্পোরেশন এলাকার নাগরিকদের সমস্যা শোনা হচ্ছে। ধীরে ধীরে রাজ্যের অন্যান্য পুরসভাতেও ‘মুখোমুখি’ কর্মসূচি চালু করা হবে। বরানগর পুরসভা থেকে এই কর্মসূচির পরবর্তী পর্ব শুরু হওয়ার কথা রয়েছে।