কলকাতাঃ ভাঙড় বিস্ফোরণ মামলায় এবার আরও চাপে শওকত মোল্লা। তৃণমূল নেতার বিরুদ্ধে ইউএপিএ ধারা প্রয়োগের আবেদন করল এনআইএ। শুক্রবার কলকাতার নগর দায়রা আদালতের বিশেষ এনআইএ আদালতে বিচারক অনুপম মাইতির এজলাসে এই আবেদন জানানো হয়। শওকত-সহ মোট চারজনের বিরুদ্ধে ইউএপিএ-র ১৬ ও ১৮ ধারা প্রয়োগের আর্জি জানিয়েছে তদন্তকারী সংস্থা।এনআইএ-র বিশেষ সরকারি কৌঁসুলি দেবাশিস মল্লিক চৌধুরি আদালতে পুট আপ পিটিশন জমা দেন। চলতি বছরের ভাঙড় বিস্ফোরণের তদন্তে নেমে শওকত মোল্লার নাম উঠে আসে এনআইএ-র তদন্তে। বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পর তাঁকে খুঁজছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পরে সোনারপুরের কামালগাজি সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাঁকে। গ্রেপ্তারের ৮৭ দিনের মাথায় আদালতে চার্জশিট জমা দেয় এনআইএ। সেখানে শওকত মোল্লাকে বিস্ফোরণ মামলার মূল অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়। তদন্তকারী সংস্থার অভিযোগ, বিধানসভা নির্বাচনের আগে ভাঙড়ে বোমা তৈরির সময় বিস্ফোরণ ঘটে। ঘটনায় বোমা তৈরির সঙ্গে যুক্ত এক ব্যক্তির মৃত্যু হয় এবং গুরুতর আহত হন আরও একজন। তদন্তে উঠে আসে শওকতের নাম।[TECHTARANGA-POST:11863]এনআইএ-র দাবি, বোমা তৈরির কাজ শওকতের নির্দেশেই চলছিল। বিস্ফোরণের পর পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রেও তাঁর ফোন থেকে এলাকায় একাধিক নির্দেশ গিয়েছিল বলে অভিযোগ তদন্তকারীদের। এনআইএ-র দাবি, শওকতকে গ্রেপ্তারের পর তাঁর মোবাইল থেকেও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে।