Weather Updates: ‘পুজোর আনন্দ মাটি করবে ঘূর্ণাবর্ত?’ উৎসবে নিম্নচাপের থাবা, আজই ২ জেলায় ঝোড়ো বৃষ্টির হলুদ সতর্কতা!
কলকাতা: দোরগোড়ায় বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। কেনাকাটা থেকে মণ্ডপে মণ্ডপে শেষ মুহূর্তের প্রস্তুতি— চারপাশজুড়ে এখন উৎসবের চরম ব্যস্ততা। কিন্তু এই খুশির আবহেই বঙ্গবাসীর আনন্দ ম্লান করতে আকাশে ফের কালো মেঘের ভ্রুকুটি! বর্ষা বিদায়ের আবহেই পিছু ছাড়ছে না নিম্নচাপের চোখরাঙানি। জোড়া ঘূর্ণাবর্ত এবং তিনটি অক্ষরেখার জোরালো প্রভাবে চলতি সপ্তাহের শেষ পর্যন্ত রাজ্যজুড়ে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির জোরালো আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে আজ, বৃহস্পতিবার নদিয়া এবং উত্তর ২৪ পরগনায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা।আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল ১১টার পর থেকেই নদিয়া ও উত্তর ২৪ পরগনায় আকাশ মেঘলা হতে শুরু করবে। দুপুর পর্যন্ত দুই জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি তাণ্ডব চালাতে পারে বজ্রপাত। সেই সঙ্গে ঘণ্টার ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। তবে দুর্যোগের এই পূর্বাভাস এখানেই শেষ নয়। আগামী শুক্রবারও নদিয়া, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা— এই তিন জেলায় বৃষ্টির দাপট বেশি থাকার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি পশলা বৃষ্টি চলতে পারে।[TECHTARANGA-POST:13455]তবে কি উৎসবের শুরুতেই ভিজতে হবে বঙ্গবাসীকে? হাওয়া অফিসের আশ্বাস, মহালয়ার দিন থেকেই আবহাওয়ার খানিকটা উন্নতি হতে পারে। তিলোত্তমা কলকাতায় মূলত শুষ্ক আবহাওয়া থাকলেও আশপাশের এলাকায় স্থানীয়ভাবে এক-দুই পশলা হালকা বৃষ্টি হলেও হতে পারে। একইভাবে উত্তরবঙ্গের ওপরের জেলাগুলিতে মহালয়া পর্যন্ত বৃষ্টির দাপট বজায় থাকবে। তবে মহালয়ার পর অর্থাৎ রবিবার থেকে পাহাড়েও বৃষ্টির পরিমাণ কিছুটা হ্রাস পেতে পারে।কিন্তু সবচেয়ে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে অক্টোবরের মাঝামাঝি অর্থাৎ পুজোর দিনগুলির আবহাওয়া! আলিপুর আবহাওয়া দফতর ইঙ্গিত দিয়েছে, পুজোর আবহেই নতুন করে আরও একটি নিম্নচাপ দানা বাঁধতে পারে বঙ্গোপসাগরে। যার জেরে মণ্ডপ পরিক্রমা ও উৎসবের দিনগুলিতে ফের পণ্ড হতে পারে আমবাঙালির আনন্দ। পুজোর দিনগুলিতে ঠিক কেমন থাকবে আবহাওয়ার মেজাজ, তা নিয়ে শুক্রবারই আলিপুর আবহাওয়া দফতর বিস্তারিত পূর্বাভাস জারি করতে পারে। আপাতত উৎসবের মুখে আকাশ মেঘলা দেখে মাথায় হাত পড়েছে পুজো উদ্যোক্তা থেকে শুরু করে সাধারণ মানুষের।