Hidden Stories (বাংলা)

Papiya Singh Debnath: ‘ফিরছি বিরতির পর...’ আর ফেরা হল না স্টুডিওতে, ক্যানসারের কাছে হেরে বিদায় জনপ্রিয় সংবাদ পাঠিকা পাপিয়া!

কলকাতা: সকাল থেকেই বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকরের প্রয়াণ সংবাদে মন ভারাক্রান্ত ছিল গোটা বিনোদন প্রেমীদের। এর মাঝেই বাংলা সংবাদ জগতে নেমে এলো আরও এক গভীর শোকের ছায়া। চিরতরে থেমে গেল বাংলা টেলিভিশনের এক অত্যন্ত পরিচিত ও সুমিষ্টি কণ্ঠ। মারণরোগ ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ে অবশেষে হার মানলেন বর্ষীয়ান সাংবাদিক তথা জনপ্রিয় সংবাদ পাঠিকা পাপিয়া সিংহ দেবনাথ (৪৭)। বৃহস্পতিবার সকালে কলকাতার ইএম বাইপাসের ধারের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তাঁর এই অকাল প্রয়াণে স্তম্ভিত সহকর্মী থেকে শুরু করে রাজ্য সাংবাদিক ও রাজনৈতিক মহল।স্টার আনন্দের সূচনা পর্ব থেকেই চ্যানেলের পর্দায় নিয়মিত উপস্থিতি ছিল পাপিয়া সিংহ দেবনাথের। পরবর্তীতে এবিপি আনন্দের পর্দায় দীর্ঘ দু’দশকেরও বেশি সময় ধরে সাবলীল সংবাদ পরিবেশনের মাধ্যমে তিনি হয়ে উঠেছিলেন অগণিত দর্শকের ঘরের মানুষ। স্পষ্ট উচ্চারণ, মার্জিত ব্যক্তিত্ব, পরিমিত বাচনভঙ্গি এবং গম্ভীর কণ্ঠস্বরের সৌজন্যে বাংলা নিউজ অ্যাঙ্করিং জগতে নিজেকে এক আলাদা উচ্চতায় নিয়ে গিয়েছিলেন তিনি। সংবাদ পাঠের পাশাপাশি বাচিক শিল্পী হিসেবেও তাঁর দারুণ নামডাক ছিল।[TECHTARANGA-POST:13473]পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গত প্রায় ছয় মাস ধরে ক্যানসারে ভুগছিলেন পাপিয়া। মারণরোগের থাবা থেকে সুস্থ হতে তাঁকে ১২টি কেমোথেরাপি নিতে হয়েছিল। কিন্তু কেমো শুরু হওয়ার পর থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। শেষদিকে কলকাতার বাইপাসের ধারের হাসপাতালে তাঁর ইমিউনো থেরাপি চলছিল। অবশেষে বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই জনপ্রিয় সংবাদ পাঠিকা।সংবাদ পরিবেশন শেষে দর্শকদের বহুবার শোনানো তাঁর সেই অতি পরিচিত বাক্য— ‘ফিরছি বিরতির পরে’— আজ এক পরম নির্মম সত্যিতে রূপ নিল। কারণ জীবনের এই চরম বিরতির পর আর কোনোদিনই স্টুডিওর লাইভ ক্যামেরার সামনে ফেরা হল না তাঁর। সময়ের সঙ্গে সঙ্গে টেলিভিশনের সংবাদ পরিবেশনের ধরন ও মুখ বদলালেও, স্পষ্ট উচ্চারণ আর পরিশীলিত বাচনভঙ্গির মাধ্যমে মানুষের স্মৃতির কোণে থেকে যাবে পাপিয়া সিংহের কণ্ঠ। বাংলা সংবাদমাধ্যম হারালো এক অত্যন্ত অভিজ্ঞ ও দক্ষ পেশাদারকে।

 Papiya Singh Debnath: ‘ফিরছি বিরতির পর...’ আর ফেরা হল না স্টুডিওতে, ক্যানসারের কাছে হেরে বিদায় জনপ্রিয় সংবাদ পাঠিকা পাপিয়া!