এবার মাত্র কয়েক ঘণ্টায় জোকা টু নৈহাটি! বড়মার সঙ্গে জুড়ছে তারাপীঠও, বাসযাত্রীদের জন্য বিরাট ঘোষণা অর্জুন সিংয়ের
নৈহাটি: রাজ্যের গণপরিবহণে যুগান্তকারী পদক্ষেপ। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার মধ্যে যোগাযোগের দূরত্ব অনেকটাই কমিয়ে রবিবার আনুষ্ঠানিকভাবে চালু হলো জোকা থেকে নৈহাটি সরাসরি বাতানুকূল (এসি) বাস পরিষেবা। এদিন নৈহাটি বাস টার্মিনাস থেকে সবুজ পতাকা উড়িয়ে নতুন রুটের মোট ১০টি এসি বাসের শুভ উদ্বোধন করেন রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিং। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জানান, গোটা রাজ্যজুড়ে সড়ক যোগাযোগ ব্যবস্থার খোলনলচে বদলে দিতে সরকার ধাপে ধাপে এগোচ্ছে এবং দ্রুত নৈহাটির বড়মার মন্দির থেকে বীরভূমের তারাপীঠ পর্যন্ত সরাসরি বাস সংযোগ গড়ে তোলা হবে।[TECHTARANGA-POST:11695]প্রায় ৬৭ কিলোমিটার দীর্ঘ এই নতুন বাস রুটের মাধ্যমে উত্তর ২৪ পরগনার সঙ্গে কলকাতার এক বিস্তীর্ণ অঞ্চল ও দক্ষিণ শহরতলি সরাসরি যুক্ত হচ্ছে। নিউটাউন এসি বাস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি শেখ জলিল হোসেন জানিয়েছেন, নৈহাটি থেকে যাত্রা শুরু করে বাসগুলি ব্যারাকপুর, সোদপুর, ডানলপ, দক্ষিণেশ্বর, বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে, এয়ারপোর্ট, চিনার পার্ক, ইকো স্পেস, সল্টলেক সেক্টর ফাইভ, করুণাময়ী, বেলেঘাটা, শিয়ালদহ, মিন্টো পার্ক, এক্সাইড, আলিপুর চিড়িয়াখানা ও মোমিনপুর হয়ে বেহালা চৌরাস্তা ও জোকায় পৌঁছাবে। প্রতিদিন সকাল সাড়ে ৭টা থেকে আধঘণ্টা অন্তর অন্তর এই বাসগুলি চলবে। এই রুটে ন্যূনতম ভাড়া ধার্য করা হয়েছে ২৫ টাকা এবং নৈহাটি থেকে জোকা পর্যন্ত সম্পূর্ণ রুটের ভাড়া রাখা হয়েছে ১৩৫ টাকা।[TECHTARANGA-POST:11707]যাত্রীদের সর্বোচ্চ সুরক্ষার কথা মাথায় রেখে এই রুটের প্রতিটি এসি বাসে বসানো হয়েছে লাইভ অডিও-ভিজুয়াল ক্যামেরা এবং আধুনিক জিপিএস ট্র্যাকিং ব্যবস্থা। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি বা জরুরি প্রয়োজনে তৎক্ষণাৎ যাতে গাড়ির সঠিক অবস্থান চিহ্নিত করা যায়, তার জন্য থাকছে লাইভ অবজার্ভার টিম। বাস চলাকালীন প্রতি মুহূর্তের গতিবিধি সরাসরি কন্ট্রোল রুম থেকে নজরদারি করা হবে।[TECHTARANGA-POST:11669]উদ্বোধনী মঞ্চ থেকে পরিবহণমন্ত্রী অর্জুন সিং ঘোষণা করেন, নৈহাটি থেকে জোকা সংযোগ কেবল প্রথম ধাপ। আগামী দিনে নৈহাটি থেকে শিলিগুড়ি, আসানসোল, পুরুলিয়া এবং দক্ষিণ ২৪ পরগনার প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত দীর্ঘ দূরত্বের বাস পরিষেবা চালু করার পরিকল্পনা রয়েছে। এর পাশাপাশি বাস টার্মিনাসগুলিতে যাত্রীদের জন্য উন্নত মানের বিশ্রামাগার তৈরি এবং টার্মিনাস দখল করে বেআইনিভাবে ব্যবসা চালানো পুরোপুরি বন্ধ করার কড়া হুঁশিয়ারি দিয়েছেন পরিবহণমন্ত্রী।