Droupadi Murmu: ভোটের আগেই বিরাট রদবদল! দেশের ছয় রাজ্যে নতুন রাজ্যপাল নিয়োগ, বড় দায়িত্ব পেলেন প্রাক্তন সাংসদরা
নতুন দিল্লি: আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দেশের রাজনৈতিক মহলে বড়সড় রদবদল ঘটিয়ে মোট ছয় রাজ্যে নতুন রাজ্যপাল নিয়োগের সিলমোহর দিল কেন্দ্র। সোমবার রাতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সম্মতির পরেই এই মর্মে আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নতুন নিয়োগপ্রাপ্ত রাজ্যপালদের মধ্যে উল্লেখযোগ্যভাবে পাঁচজনই প্রাক্তন সাংসদ। তামিলনাড়ুর স্থায়ী রাজ্যপাল হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে রাজেন্দ্র আর্লেকরকে, যিনি এতদিন অতিরিক্ত দায়িত্ব সামলাচ্ছিলেন এবং সাম্প্রতিককালে তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী থলপতি বিজয়কে শপথবাক্য পাঠ করিয়েছিলেন। এর আগে তিনি বিহার এবং হিমাচল প্রদেশের রাজ্যপালের দায়িত্বও পালন করেছেন।সংগঠনে রদবদলের জল্পনার মাঝেই সিকিমের রাজ্যপাল পদের দায়িত্ব পেয়েছেন দুষ্যন্ত গৌতম। অন্যদিকে, এতদিন সিকিমের রাজ্যপালের দায়িত্বে থাকা বর্ষীয়ান বিজেপি নেতা তথা প্রাক্তন রাজ্যসভা সাংসদ ওমপ্রকাশ মাথুরকে কেরলের নতুন রাজ্যপাল করা হয়েছে। কর্ণাটকের রাজ্যপাল পদের গুরুদায়িত্ব পেয়েছেন বিজেপির সংসদীয় বোর্ডের সদস্য তথা প্রাক্তন সাংসদ সুধা যাদব। ওড়িশার নতুন রাজ্যপাল করা হয়েছে পালামৌয়ের প্রাক্তন সাংসদ ব্রজমোহন রামকে। পাশাপাশি, আগামী বছরই উত্তরাখণ্ডে বিধানসভা নির্বাচন রয়েছে। সেই নির্বাচনের ঠিক আগেই সেরাজ্যের রাজ্যপাল পদে পরিবর্তন এনে মধ্যপ্রদেশের বলাঘাটের প্রাক্তন লোকসভা সাংসদ ধল সিং বিষেনকে নিয়োগ করা হয়েছে।রাষ্ট্রপতির এই বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, সংশ্লিষ্ট রাজ্যগুলির নতুন রাজ্যপালরা নিজ নিজ পদের দায়িত্বভার গ্রহণের দিন থেকেই এই নিয়োগগুলি কার্যকর হবে। প্রসঙ্গত, এর আগে চলতি বছর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ঠিক দেড় মাস আগে রাজ্যপালের পদত্যাগ ও সি ভি আনন্দ বোসের স্থলাভিষিক্ত হয়ে আর এন রবির আগমন ঘিরে তুমুল রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছিল। তবে সাম্প্রতিক এই সর্বভারতীয় রদবদল দেশের রাজনৈতিক বৃত্তে নতুন করে শোরগোল ফেলে দিয়েছে।