Durga Puja Traffic: দুর্গাপুজোয় রেড রোডে যান চলাচলে কড়া বিধিনিষেধ! কোন পথে ঘুরবে গাড়ি, জানুন বিস্তারিত
কলকাতা: দুর্গাপুজোর আর বেশি দেরি নেই। ঢাকে কাঠি পড়ার আগে শহরজুড়ে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। এখন থেকেই বাড়ছে যানজট, মানুষের ভিড়। তাই পুজোর বিশেষ আয়োজনকে ঘিরে রেড রোডে যান চলাচলে একাধিক বিধিনিষেধ জারি করল কলকাতা পুলিশ। মঞ্চ তৈরি, আলোকসজ্জা এবং বিভিন্ন ভারী সরঞ্জাম নিয়ে যাতায়াতের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তায় নির্দিষ্ট সময়ে গাড়ি চলাচল বন্ধ বা নিয়ন্ত্রণ করা হবে বলে জানানো হয়েছে।
কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দ মঙ্গলবার একটি নির্দেশিকা জারি করে জানিয়েছেন, ৬ অক্টোবর রাত ১০টা থেকে রেড রোডে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এই বিধিনিষেধ কার্যকর থাকবে ২৪ ঘণ্টা। এরপর ৯ অক্টোবর মাঝরাত থেকে ১০ অক্টোবর গভীর রাত পর্যন্ত, প্রয়োজনে ১১ অক্টোবর ভোর পর্যন্তও রেড রোডে যান চলাচল বন্ধ রাখা হতে পারে। ১০ অক্টোবর অর্থাৎ মহালয়ার দিন ইডেন গার্ডেন্সে দুর্গাপুজো উপলক্ষে বিশেষ অনুষ্ঠান রয়েছে। সেই অনুষ্ঠানের মঞ্চ ও অন্যান্য কাঠামো তৈরি, আলোকসজ্জার কাজ এবং মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে কলকাতা পুলিশ।[TECHTARANGA-POST:13407]শহরের অন্যান্য রাস্তায় অতিরিক্ত চাপ না পড়ে, তার জন্য বিকল্প পথও নির্দিষ্ট করেছে ট্রাফিক পুলিশ। খিদিরপুর রোড দিয়ে উত্তর কলকাতার দিকে যাওয়া গাড়িগুলিকে প্রয়োজন অনুযায়ী ডাফরিন রোড এবং আউটরাম রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। অন্যদিকে, রানি রাসমণি অ্যাভিনিউ এবং গভর্নমেন্ট প্লেস (পূর্ব) হয়ে দক্ষিণ কলকাতার দিকে যাওয়া গাড়িগুলিকে মেয়ো রোড ও ডাফরিন রোড দিয়ে বিকল্প পথে পাঠানো হবে। উৎসবের মরসুমে শহরের সামগ্রিক যান চলাচল স্বাভাবিক রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।