ধর্ষণ মামলায় বড় রায় বম্বে হাই কোর্টের, তহেলকা প্রতিষ্ঠাতা তরুণ তেজপালের ১০ বছরের সশ্রম কারাদণ্ড!
পানাজি: ২০১৩ সালের বহুল চর্চিত যৌন হেনস্থা ও ধর্ষণ মামলায় চরম আইনি ধাক্কা খেলেন 'তহেলকা'র প্রতিষ্ঠাতা সম্পাদক তরুণ তেজপাল। নিম্ন আদালতের নির্দোষ ঘোষণার রায় বাতিল করে বৃহস্পতিবার তরুণ তেজপালকে দোষী সাব্যস্ত করল বম্বে হাই কোর্টের গোয়া বেঞ্চ। একই সঙ্গে তাঁকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারপতি নীলা গোখেল এবং বিচারপতি অমিত জামসান্দেকরের ডিভিশন বেঞ্চ। আদালতে আত্মসমর্পণের জন্য তাঁকে দুই সপ্তাহের সময় দেওয়া হয়েছে। যদিও ৬২ বছর বয়সি তেজপাল নিজেকে নির্দোষ দাবি করে বম্বে হাই কোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা ঘোষণা করেছেন।ঘটনার সূত্রপাত ২০১৩ সালের নভেম্বরে। গোয়ার একটি পাঁচতারা হোটেলের লিফটে সহকর্মীকে যৌন হেনস্থা ও ধর্ষণ করার অভিযোগ ওঠে তরুণের বিরুদ্ধে। তদন্তে নেমে গোয়া পুলিশ সিসিটিভি ফুটেজ ও পারিপার্শ্বিক প্রমাণের ওপর ভিত্তি করে জানায়, পর পর দুই দিন ওই তরুণী কর্মীর ওপর নির্যাতন চালিয়েছিলেন তিনি। ওই বছরের ৩০ নভেম্বর গ্রেপ্তার হওয়ার পর প্রায় ছয় মাস জেলে ছিলেন তরুণ। পরবর্তীতে ২০১৪ সালে সুপ্রিম কোর্ট থেকে জামিন পান তিনি। যদিও গোয়ার তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপটকে টেনে তেজপাল বরাবরই দাবি করে এসেছেন যে, তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে ২০২১ সালে গোয়ার ট্রায়াল কোর্ট তরুণ তেজপালকে সমস্ত অভিযোগ থেকে বেকসুর খালাস দিয়েছিল। কিন্তু নিম্ন আদালতের সেই রায়কে চ্যালেঞ্জ করে তৎক্ষণাৎ বম্বে হাই কোর্টের দ্বারস্থ হয় গোয়া সরকার। দীর্ঘ শুনানির পর হাই কোর্ট স্পষ্ট জানিয়ে দেয়, তদন্তে প্রাপ্ত তথ্য ও প্রমাণাদি তেজপালের বিরুদ্ধে ওঠা অভিযোগকেই প্রমাণ করে। রায়ের সময় আদালত কক্ষে আবেগপ্রবণ তেজপাল তাঁর বয়স ও পরিবারের কথা বিবেচনা করার অনুরোধ জানালেও বম্বে হাই কোর্টের ডিভিশন বেঞ্চ অপরাধের গুরুত্ব বিবেচনা করে ১০ বছরের সশ্রম কারাদণ্ড বহাল রাখে।[TECHTARANGA-POST:11487]হিডেন স্টোরিজ নিউজ