'ধুমকেতু’-এর স্মৃতি উসকে ফের দেশু জুটি! ‘তোর শুধু তোর’-এ দেব-শুভশ্রীর পুরনো রসায়নে মজল নেটপাড়া
একটা গান, এক জোড়া মুখ আর ফিরল বহু পুরনো এক নস্ট্যালজিয়া। দেব-শুভশ্রী মানেই যাঁদের কাছে ‘চ্যালেঞ্জ’ বা ‘পরাণ যায় জ্বলিয়া রে’-র দিনগুলোর স্মৃতি, তাঁদের জন্য এবার নতুন চমক ‘তোর শুধু তোর’। ‘দেশু ৭’-এর প্রথম গান প্রকাশ্যে আসতেই লাদাখের পাহাড়ি পথে ফের দেখা গেল সেই পুরনো জুটির রোম্যান্টিক রসায়ন। [TECHTARANGA-POST:12321]দীর্ঘ বিরতির পর আবার একসঙ্গে বড় পর্দায় ফিরছেন দেব ও শুভশ্রী। ‘দেশু ৭’ ঘিরে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। তার উপর প্রথম গানেই ধরা দিয়েছে জুটির পুরনো রোম্যান্সের ঝলক। ‘তোর শুধু তোর’-এর শ্যুট হয়েছে লাদাখে। পাহাড়ি রাস্তা, খোলা আকাশ আর প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে দেব-শুভশ্রীর ঘনিষ্ঠ মুহূর্তগুলিই গানের অন্যতম আকর্ষণ। তাঁদের একসঙ্গে দেখে অনেকেরই পুরনো দিনের কথা মনে পড়ছে। তবে এ বারের দেব-শুভশ্রী আর আগের সেই জুটি নন। ব্যক্তিগত জীবন হোক বা কেরিয়ার, সময়ের সঙ্গে দু’জনেই এখন অনেকটাই পরিণত। ছবির প্রচারে সেই পরিবর্তনের কথাও উঠে এসেছে। দেবের দাবি, তাঁদের সম্পর্কের সেই সময় যদি আজকের মতো পরিণত মানসিকতা থাকত, তা হলে হয়তো তাঁদের আলাদা হতে হত না। এই পুরনো-নতুনের মিশ্রণই যেন ‘তোর শুধু তোর’-এর আলাদা আকর্ষণ। [TECHTARANGA-POST:12317]প্রথম গানেই যেন সময়ের কাঁটা কয়েক বছর পিছিয়ে গেল। কেরিয়ারের শুরুর দিকে এই জুটির যে রোম্যান্টিক সমীকরণ পর্দায় জনপ্রিয় হয়েছিল, প্রায় ১২ বছর পর আবার যেন তারই নতুন সংস্করণ সামনে এল। এরই মধ্যে শুক্রবার মা-বাবাকে সঙ্গে নিয়ে টাকিতে সময় কাটিয়েছেন দেব। সেই সফরের ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসতেই কমেন্টবক্সে শুরু হয় দেব-শুভশ্রীর মজার কথোপকথন। দেবের পারিবারিক ছুটির ছবি দেখে শুভশ্রী পুরনো ‘ইনোসেন্স’ প্রসঙ্গ টেনে মজা করে লিখেছেন, ‘ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভেবেছো ইনোসেন্সটা চলে গেছে দেব!’ শুভশ্রীর এই খোঁচার জবাবও দিয়েছেন অভিনেতা। দেব লিখেছেন, ‘আমার চোখে নিজেকে খুঁজে দেখ, আগের মতোই আজও আছে যে সবই এক।’ আর এখানেই রয়েছে মজার মোড়। দেবের এই পালটা মন্তব্য আসলে ‘দেশু ৭’-এর প্রথম গান ‘তোর শুধু তোর’-এরই লিরিকস। ফলে সোশ্যাল মিডিয়ার এই আদানপ্রদানও কার্যত ছবির প্রচারের অংশ হয়ে উঠেছে।