Hidden Stories (বাংলা)

মোদীর জন্মদিনে অন্নপূর্ণার টাকা অ্যাকাউন্টে, নভেম্বরে ফের আবেদনের সুযোগ!

কলকাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনেই রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে পৌঁছাতে চলেছে বহুল প্রতীক্ষিত অন্নপূর্ণা যোজনার অর্থ। নবান্ন সভাঘর থেকে এক ঐতিহাসিক ঘোষণা করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন, আগামী ১৭ সেপ্টেম্বর যোগ্য উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ঢুকে যাবে অগস্ট মাসের ৩ হাজার টাকা। রাজ্যের প্রায় ১ কোটি ৪৮ লক্ষ মহিলা এই সুবিধার আওতায় আসতে চলেছেন। একই সঙ্গে মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন, যাঁরা এখনও এই প্রকল্পে নাম তুলতে পারেননি, তাঁদের জন্য আগামী নভেম্বর ও ডিসেম্বর মাসে পঞ্চায়েত ও পুরসভা স্তরে ফের 'জনকল্যাণ শিবির' বসবে, যেখানে নতুন করে আবেদনের দরজা খুলে দেওয়া হবে। পাশাপাশি নরেন্দ্র মোদীর প্রশাসনিক দায়িত্ব পালনের ২৫ বছর পূর্তি উপলক্ষে ১৭ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত রাজ্য জুড়ে টানা বিশেষ অনুষ্ঠান উদযাপনের ঘোষণাও করেন তিনি।সামাজিক সুরক্ষার ক্ষেত্রেও এদিন একগুচ্ছ বড় সিদ্ধান্তের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। বয়স্ক, বিধবা ও বিশেষভাবে সক্ষমদের জন্য চালু থাকা সরকারি ভাতার অঙ্ক ১ হাজার টাকা থেকে বাড়িয়ে দেড় হাজার টাকা করার পর সোমবারই রাজ্যের ৮৩ লক্ষ ৫ হাজার ৯১৯ জন প্রাপকের অ্যাকাউন্টে সেই টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে, যার জন্য সরকারি কোষাগার থেকে বছরে ব্যয় হবে ১৪ হাজার ৭৭১ কোটি টাকা। তবে এই ভাতার তালিকায় থাকা কাটমানি চক্র ও জালিয়াতির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান শুভেন্দু। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় এক পুরুষের বিধবা ভাতা তোলার নজিরবিহীন পর্দাফাঁস করে তিনি হুঁশিয়ারি দেন, বয়স ভাঁড়িয়ে ও ভুয়ো সার্টিফিকেট দিয়ে সরকারি অর্থ লুট আর বরদাস্ত করা হবে না। অযোগ্যদের অবিলম্বে সুবিধা ছেড়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি জানিয়ে দেন, পূর্বতন সরকারের আমলের জমে থাকা সমস্ত 'ওয়েটিং লিস্ট' পুরোপুরি বাতিল করা হলো; নতুন সরকারের জনকল্যাণ শিবিরে জমা পড়া আবেদনগুলিই এবার কড়া স্ক্রুটিনির মাধ্যমে বিবেচনা করা হবে।এদিন মহিলাদের জন্য আরও দুটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিকল্প সামনে এনেছেন মুখ্যমন্ত্রী। ২৫ থেকে ৬০ বছর বয়সী বিধবা মহিলাদের মাসিক ১৫০০ টাকার বিধবা ভাতা ছেড়ে অন্নপূর্ণা যোজনায় নাম নথিভুক্ত করার স্পষ্ট পরামর্শ দিয়েছেন তিনি, যাতে তাঁরা মাসে দ্বিগুণ অর্থাৎ ৩০০০ টাকা করে আর্থিক সহায়তা পান। অন্যদিকে, সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া বিশেষভাবে সক্ষম মহিলাদের জন্য খুশির খবর শুনিয়ে তিনি জানান, ২৫ থেকে ৬০ বছর বয়সী প্রায় ১ লক্ষ ৩৪ হাজার দিব্যাঙ্গ নারী একই সঙ্গে ১৫০০ টাকার প্রতিবন্ধী ভাতার পাশাপাশি ৩ হাজার টাকার অন্নপূর্ণা যোজনার সুবিধাও পাবেন—অর্থাৎ প্রতি মাসে তাঁদের ঘরে ঢুকবে এককালীন সাড়ে চার হাজার টাকা। আর্থিক শৃঙ্খলা ফেরা ও রাজস্ব ফাঁকি বন্ধের ফলেই বিগত অর্থবর্ষের তুলনায় ইতিমধ্যে ১৮ শতাংশ রাজস্ব বৃদ্ধি পেয়েছে জানিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট করেন, সরকারি কোষাগারের সুফল এবার প্রতিটি যোগ্য মানুষের ঘরে ঘরে পৌঁছাবে।[TECHTARANGA-POST:12376]হিডেন স্টোরিজ নিউজ

মোদীর জন্মদিনে অন্নপূর্ণার টাকা অ্যাকাউন্টে, নভেম্বরে ফের আবেদনের সুযোগ!