সন্দেশখালিঃ বাড়ি থেকে বেরোতেই ঘিরে ধরল একদল স্থানীয় মহিলা। শুরু হল বিক্ষোভ, উঠল একের পর এক অভিযোগ। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে তৃণমূল নেত্রী মিঠু সর্দারকে লক্ষ্য করে ছোড়া হল ডিম। কোনওরকমে ঘটনাস্থল ছেড়ে একটি দোকানে আশ্রয় নেন তিনি। [TECHTARANGA-POST:11979]সন্দেশখালি ১ নম্বর ব্লক তৃণমূলের সভানেত্রী মিঠু সর্দার একইসঙ্গে ব্লক পঞ্চায়েত সমিতির সদস্য। শেখ শাহজাহানের ঘনিষ্ঠ হিসেবেই স্থানীয় রাজনীতিতে তাঁর পরিচিতি। মঙ্গলবার তাঁকে এলাকায় দেখতে পেয়েই ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় মহিলাদের একাংশ। বিক্ষোভকারীদের অভিযোগ, রাজনৈতিক প্রভাবকে কাজে লাগিয়ে একাধিক অনিয়ম ও দুর্নীতিতে যুক্ত ছিলেন মিঠু। মহিলা স্বনির্ভর গোষ্ঠীর বিপুল টাকা আত্মসাতের অভিযোগও তাঁর বিরুদ্ধে রয়েছে বলে দাবি স্থানীয়দের। শেখ শাহজাহান গ্রেপ্তার হওয়ার পর মিঠু সর্দারকেও গ্রেপ্তার করা হয়েছিল। রেশন দুর্নীতি মামলার তদন্তে শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনা ঘটে। সেই ঘটনায় জড়িত থাকার অভিযোগও উঠেছিল মিঠুর বিরুদ্ধে। পরে কয়েকদিন আগে জেল থেকে মুক্তি পান তিনি।[TECHTARANGA-POST:11978]জেল থেকে মুক্তির পর প্রথমবার এলাকায় বেরোতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয় মহিলাদের একাংশ তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। অভিযোগ, মিঠুকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। পরিস্থিতি সামাল দিতে তিনি দ্রুত সেখান থেকে সরে গিয়ে একটি দোকানে আশ্রয় নেন। কিন্তু সেখানেও বিক্ষোভকারীদের ক্ষোভ কমেনি বলে অভিযোগ। পরে দোকান থেকে বেরিয়ে আসার সময় ফের তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। শেষপর্যন্ত কোনওরকমে সেখান থেকে বেরিয়ে যান তৃণমূল নেত্রী।