সকালে হাসপাতালের বন্ধ কেবিন থেকে উদ্ধার তরুণী নার্সের ঝুলন্ত দেহ! খুন নাকি আত্মহত্যা ঘিরে সিউড়িতে ঘনীভূত রহস্য
সিউড়ি: রাত ৮টায় নাইট ডিউটিতে যোগ দিয়েছিলেন। কিন্তু কে জানত এই ডিউটিই তাঁর জীবনের শেষ ডিউটি হতে চলেছে! বৃহস্পতিবার সকালে সিউড়ির একটি বেসরকারি হাসপাতাল থেকে উদ্ধার হল এক তরুণী নার্সের ঝুলন্ত দেহ। আর এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করেই এদিন সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় হাসপাতাল চত্বরে। ক্ষোভে ফেটে পড়ে হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালান মৃতের পরিবারের সদস্যরা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।[TECHTARANGA-POST:11196]পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই নার্সের নাম অনুশ্রী মাল (২১)। হাসপাতাল সূত্রে খবর, বুধবার রাত প্রায় ৮টা নাগাদ তিনি তাঁর ডিউটিতে যোগ দেন। এরপর বৃহস্পতিবার সকালে হাসপাতালের তিন নম্বর কেবিনের দরজা দীর্ঘক্ষণ ভেতর থেকে বন্ধ থাকতে দেখে সন্দেহ হয় অন্যান্য কর্মীদের। ডাকাডাকির পর কোনও সাড়াশব্দ না মেলায় দরজা ভেঙে ভেতরে ঢুকতেই অনুশ্রীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাঁরা। তড়িঘড়ি খবর দেওয়া হয় সিউড়ি থানায়। যদিও ঠিক কী কারণে এই মৃত্যু, তা এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে। ইতিমধ্যেই একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে, ঘটনার পর নার্সিংহোমে ব্যাপক ভাঙচুর চালানোর পাশাপাশি কর্মীদেরও হেনস্তা করা হয় বলে অভিযোগ মৃতের আত্মীয়দের বিরুদ্ধে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।[TECHTARANGA-POST:11202]অন্যদিকে, এই রহস্যজনক মৃত্যুর পর ইতিমধ্যেই হাসপাতালের একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। সেই ফুটেজে দেখা যাচ্ছে, হাসপাতালের করিডোর দিয়ে হেঁটে গিয়ে একটি রুমের দরজা খুলে ভেতরে ঢুকছেন অনুশ্রী। আর সকালে ওই নির্দিষ্ট রুম থেকেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশ খতিয়ে দেখছে, ওই রুমে সেই সময় অন্য কেউ উপস্থিত ছিল কি না। তরুণী নার্স নিজে আত্মঘাতী হয়েছেন নাকি এর নেপথ্যে কোনও খুনের তত্ত্ব লুকিয়ে রয়েছে, তা নিয়ে ইতিমধ্যেই ঘনীভূত হচ্ছে রহস্য। অনুশ্রী যদি আত্মহত্যাও করে থাকেন, তবে তার নেপথ্যে কী কারণ রয়েছে, সব দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা।