প্রথমবার সেনার অনুষ্ঠানে শুভেন্দুর উপস্থিতি, মমতাকে তীব্র কটাক্ষ করে শিলিগুড়ি করিডর ইস্যুতে বড় বার্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
শিলিগুড়ি: উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে এসএসবি ফ্রন্টিয়ার হেডকোয়ার্টারের বিশেষ কর্মসূচিতে যোগ দিয়ে রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই প্রথমবার এসএসবি-র কোনও অনুষ্ঠানে যোগ দিতে দেখা গেল শুভেন্দু অধিকারীকে। সেই মঞ্চ থেকেই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করে শাহ দাবি করেন, আগের মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হলেও তিনি সেনার এই ধরনের অনুষ্ঠানে কখনও আসতেন না। একই সঙ্গে সীমান্ত সুরক্ষায় রাজ্য সরকারের দ্রুত সহযোগিতার প্রশংসা করে শুভেন্দুর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন তিনি।রাজ্যে ক্ষমতা পরিবর্তনের ১০০ দিন পূর্তির আবহে তিন দিনের বাংলা সফরে এসে শাহ জানান, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডরকে মজবুত করার জন্য প্রায় ৫৬০ একর জমির দীর্ঘদিনের প্রয়োজন ছিল। অভিযোগ তুলে তিনি বলেন, বিগত তৃণমূল সরকার বছরের পর বছর ধরে সেই জমি হস্তান্তর করেনি। বর্তমান নেতৃত্ব দায়িত্ব নেওয়ার পরই দ্রুত সেই জমির অনুমোদন দেওয়ায় শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানান তিনি। এসএসবি-র এই বিশেষ আয়োজনে তাঁর উপস্থিতি সীমান্ত সুরক্ষার সার্বিক সমন্বয়ে বাড়তি মাত্রা যোগ করেছে বলেও বার্তা দেন তিনি।অনুষ্ঠানে দেশাত্মবোধ ও জাতীয়তাবাদের প্রসারের প্রসঙ্গ টেনে শাহ আরও উল্লেখ করেন, স্বাধীনতা পরবর্তী সময়ে দীর্ঘদিন ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘বন্দেমাতরম’ পূর্ণাঙ্গ মর্যাদায় উপস্থাপিত হয়নি। সাম্প্রতিক সময়ে লালকেল্লা থেকে কলকাতার রেড রোডে পূর্ণ মর্যাদায় বন্দেমাতরম উদযাপনের মধ্য দিয়ে নতুন প্রজন্মকে প্রকৃত জাতীয়তাবাদের চেতনায় উদ্বুদ্ধ করার পথ তৈরি হয়েছে বলে দাবি করেন তিনি।পরবর্তী কর্মসূচিতে কাওয়াখালি ময়দানে ‘ভারতীয় ন্যায় সংহিতা’ প্রদর্শনীর উদ্বোধন করার কথা স্বরাষ্ট্রমন্ত্রীর, যেখানে সাধারণ নাগরিকদের ভারতীয় দণ্ডবিধির পরিবর্তিত ধারা সম্পর্কে সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছে। উত্তরবঙ্গ সফরের শেষ পর্যায়ে পাহাড়ের বিভিন্ন প্রশাসনিক ও স্থানীয় সমস্যা নিয়ে একাধিক বৈঠকের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লির উদ্দেশে রওনা দেবেন।[TECHTARANGA-POST:11840]হিডেন স্টোরিজ নিউজ