মুর্শিদাবাদে ভয়াবহ পথ দুর্ঘটনা! ডাম্পার-টোটো-ট্যাঙ্কারের ত্রিমুখী সংঘর্ষে মৃত শিশুসহ ২, আশঙ্কাজনক ৫ জন
বড়ঞা: রবিবাসরীয় দুপুরে রক্তে রাঙল মুর্শিদাবাদের বড়ঞা। বাদশাহী সড়কের ওপর এক ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক ব্যক্তি ও এক শিশু কন্যা। একটি যাত্রীবাহী টোটোকে সজোরে ধাক্কা মারে একটি বেপরোয়া ডাম্পার, যার জেরে ঘটে যায় এই মর্মান্তিক ঘটনা। এই দুর্ঘটনায় আরও ৫ জন মহিলা গুরুতর জখম হয়েছেন, যাঁদের অবস্থা বর্তমানে আশঙ্কাজনক।[TECHTARANGA-POST:7676]স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুরে সুন্দরপুর থেকে যাত্রী নিয়ে একটি টোটো ডাকবাংলার দিকে যাচ্ছিল। বড়ঞা থানার ফতেপুর মোড়ের কাছে বিপরীত দিক থেকে আসা একটি ঘাতক ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে টোটোটিকে সরাসরি ধাক্কা মারে। ধাক্কার তীব্রতা এতটাই বেশি ছিল যে, টোটোটি ছিটকে গিয়ে পাশেই থাকা একটি গ্যাস ট্যাঙ্কারের গায়ে আছড়ে পড়ে। দুমড়ে-মুচড়ে যায় যাত্রীবাহী টোটোটি।[TECHTARANGA-POST:7677]ঘটনাস্থলেই মৃত্যু হয় বীরভূমের সাঁওগ্রামের বাসিন্দা জলেমান শেখের। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় এক শিশু কন্যার। দুর্ঘটনায় আহত পাঁচজন মহিলা বৈদ্যনাথপুর, চৈৎপুর ও নাঙ্গলহাটা এলাকার বাসিন্দা। তাঁদের উদ্ধার করে প্রথমে বড়ঞা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাঁদের কান্দি মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। চিকিৎসকদের মতে, আহতদের কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।ঘটনার পর ঘাতক ডাম্পারটি চম্পট দিলেও পুলিশ গ্যাস ট্যাঙ্কার ও দুমড়ে যাওয়া টোটোটিকে আটক করেছে। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এদিকে, বাদশাহী সড়কে বারংবার বেপরোয়া যান চলাচল এবং প্রশাসনের উদাসীনতা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পলাতক ডাম্পার ও তার চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে বড়ঞা থানার পুলিশ।[TECHTARANGA-POST:7675]ছুটির দুপুরে এই মর্মান্তিক দুর্ঘটনা গোটা এলাকায় শোকের ছায়া নামিয়ে এনেছে। সড়ক নিরাপত্তা নিয়ে আবারও বড়সড় প্রশ্ন চিহ্ন খাড়া করল এই ঘটনা।