লাল সতর্কতা দক্ষিণবঙ্গের দুই জেলায়, ভারী বৃষ্টি সপ্তাহ জুড়ে
কলকাতা:কলকাতার আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আজ, বৃহস্পতিবারই রূপ নিতে চলেছে এক মারাত্মক গভীর নিম্নচাপে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করে উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাওয়ার কারণে চরম বিপদের মুখে পড়তে চলেছে সমগ্র দক্ষিণবঙ্গ। আবহাওয়াবিদদের মতে, গতকাল আকাশের মাটির কাছাকাছি যা ছিল স্রেফ মেঘের স্তূপ, উপগ্রহের চোখে তা অন্তত ১৮ কিলোমিটার উঁচু এক মারণ ‘কিউমুলোনিম্বাস’ স্তম্ভ। যার উপরিভাগের তাপমাত্রা মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াসেরও নিচে নেমে গিয়ে ঝোড়ো বাতাস ও অতি ভারী বৃষ্টির বার্তা নিয়ে এসেছে। উপকূলীয় সমুদ্রে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে মাতঙ্গ বাতাসের সঙ্গে প্রবল জলোচ্ছ্বাসের শঙ্কায় মৎস্যজীবীদের ১৫ আগস্ট পর্যন্ত সমুদ্রে যাওয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।বিপদের চরম সীমায় দাঁড়িয়ে আজ বৃহস্পতিবারে বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলায় আছড়ে পড়তে চলেছে অতি ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টি। যার পরিমাণ হতে পারে ২০ সেন্টিমিটারেরও বেশি! দুই জেলাতেই জারি করা হয়েছে সর্বোচ্চ লাল সতর্কতা। পাশাপাশি পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, হুগলি এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কবার্তা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। এমনকি কলকাতা ও সংলগ্ন এলাকাতেও থমথমে পরিবেশের সাথে দিনভর বজায় থাকবে ভারী বৃষ্টির দুর্যোগ।সপ্তাহান্তে অর্থাৎ শুক্রবার এবং স্বাধীনতা দিবসের দিন শনিবারও এই দুর্বিপাক থেকে রেহাই মিলছে না। শুক্রবারে পুরুলিয়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূমে ভারী বর্ষণের পূর্বাভাস বহাল থাকছে। শনিবার ১৫ আগস্টের দিনও পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সাথে বঙ্গজুড়ে থামবে না এই একটানা দুর্যোগের তাণ্ডব। অন্যভাগে, উত্তরবঙ্গের ওপরের দিকের পাঁচ জেলাতেও মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি রাখা হয়েছে।হিডেন স্টোরিজ নিউজ