Hidden Stories (বাংলা)

Mithu Mukherjee: ‘প্রথমে বিশ্বাসই করতে চাইনি…!’ মিঠুর প্রয়াণে স্তব্ধ রঞ্জিত, ফিরে এল ‘মৌচাক’-এর সেই দিন

একসময় বাংলা ছবির পর্দায় তাঁর উপস্থিতিই ছিল আলাদা আকর্ষণ। সৌন্দর্য, সাবলীল অভিনয় আর প্রাণবন্ত ব্যক্তিত্বে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন মিঠু মুখোপাধ্যায়। প্রয়াত সেই ‘মৌচাক’-খ্যাত অভিনেত্রী। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করেছেন। অবশেষে রবিবার রাতে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। [TECHTARANGA-POST:12822]মিঠুর প্রয়াণের খবর প্রকাশ্যে আসতেই শোকের ছায়া বিনোদন জগতে। বিশেষ করে তাঁর দীর্ঘদিনের সহ-অভিনেতা রঞ্জিত মল্লিকের কাছে এই খবর যেন আরও এক বড় ধাক্কা। ‘মৌচাক’ এবং ‘স্বয়ংসিদ্ধা’-র মতো ছবিতে মিঠুর সঙ্গে কাজ করেছিলেন তিনি। পর্দার সেই জনপ্রিয় জুটির স্মৃতি ফিরে এসেছে রঞ্জিতের কথাতেও। সহ-অভিনেত্রীর প্রয়াণে শোকাহত বর্ষীয়ান অভিনেতা বলেন, “খবরটা শোনার পর থেকে কিছুতেই মনকে বোঝাতে পারছি না। মিঠু আমাদের চেয়ে বয়সে অনেক ছোট ছিল। এমন একটা দুঃসংবাদ এত তাড়াতাড়ি পাব, ভাবতেই পারিনি। সত্যি বলতে, প্রথমে যখন ফোনগুলো আসছিল, বিশ্বাস করতেই চাইনি। এখন তো নানা রকম ভুয়ো খবর রটে, তাই ভেবেছিলাম হয়তো সেরকমই কিছু। কিন্তু পরে যখন চারপাশ থেকে কনফার্ম করা হলো, তখন বুকটা খালি হয়ে গেল।”স্মৃতিচারণ করতে গিয়ে রঞ্জিত মল্লিক ফিরে যান তাঁদের একসঙ্গে কাজের দিনগুলিতে। তিনি বলেন, “চোখের সামনে আমরা দিনের পর দিন একসঙ্গে কাজ করেছি। ‘মৌচাক’-এ উত্তমদার পাশে কিংবা ‘স্বয়ংসদ্ধা’য় ওর যে অভিনয়, তা ভোলা সম্ভব নয়। সত্য বন্দ্যোপাধ্যায়, ছায়াদেবীর মতো মহীরুহদের সামনে দাঁড়িয়ে যেভাবে নিজস্ব ব্যক্তিত্ব বজায় রেখে অভিনয় করত, তা সত্যিই অবিশ্বাস্য। ওর আত্মার শান্তি কামনা করা ছাড়া আর কিছুই বলার ভাষা নেই আমার। যেখানেই থাকুক, ও যেন শান্তিতে থাকে।”[TECHTARANGA-POST:12814]সিনেমায় মিঠুর যাত্রা শুরু চিত্ত বসুর ‘শেষ পর্ব’ দিয়ে। তাঁর কেরিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ ছবি ‘মৌচাক’। ১৯৭৪ সালের অরবিন্দ মুখোপাধ্যায়ের এই ছবিতে নীপা চরিত্রে মিঠু এবং সিতেশের ভূমিকায় রঞ্জিত মল্লিকের জুটি জনপ্রিয়তার তুঙ্গে ছিল। ছবিতে তাঁদের পাশাপাশি ছিলেন উত্তমকুমার, সাবিত্রী চট্টোপাধ্যায়, অনুপকুমার, চিন্ময় রায়, রবি ঘোষের মতো একাধিক পরিচিত শিল্পী। ‘স্বয়ংসিদ্ধা’-য় ফের রঞ্জিত মল্লিকের সঙ্গে জুটি বাঁধেন মিঠু। এই ছবিগুলিই তাঁদের জুটিকে বাংলা ছবির দর্শকের কাছে আরও পরিচিত করে তোলে।

Mithu Mukherjee: ‘প্রথমে বিশ্বাসই করতে চাইনি…!’ মিঠুর প্রয়াণে স্তব্ধ রঞ্জিত, ফিরে এল ‘মৌচাক’-এর সেই দিন