বারুইপুর-অশোকনগরের পর এবার খাস কলকাতা! পর্ণশ্রীর পুকুরে মিলল লাশ, খুনের পর দেহ লোপাটের আশঙ্কা
কলকাতা: দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর ও উত্তর চব্বিশ পরগনার অশোকনগরের রেশ কাটতে না কাটতেই এবার খাস কলকাতা শহরে জলাশয় থেকে দেহ উদ্ধারের ঘটনা ঘটল। বুধবার সকালে পর্ণশ্রী থানার অন্তর্গত ইউনিক পার্ক দেবালয় এলাকার একটি পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির দেহ ভাসতে দেখেন বাসিন্দারা। সাতসকালেই খাস কলকাতার বুকে এমন ঘটনা প্রকাশ্যে আসতেই গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়েই পর্ণশ্রী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বেহালা বিদ্যাসাগর হাসপাতালে পাঠিয়েছে। স্থানীয়দের স্পষ্ট দাবি, মৃত ব্যক্তি এই এলাকার বাসিন্দা নন। ফলে তাঁকে অন্য কোথাও খুন করে প্রমাণ লোপাটের উদ্দেশ্যে এখানে ফেলে যাওয়া হয়েছে কিনা, তা নিয়ে জোরালো সন্দেহ দানা বাঁধছে।[TECHTARANGA-POST:10740]রাজ্যে একের পর এক জলাশয় থেকে দেহ উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মনে উদ্বেগ বাড়ছে। গত রবিবার সকালেই বারুইপুরের একটি পুকুর থেকে নিখোঁজ এক নাবালিকার দেহ উদ্ধার হয়েছিল, যাকে গণধর্ষণ ও খুন করা হয়েছে বলে অভিযোগ ওঠে। তার ঠিক পরের দিন, অর্থাৎ সোমবার অশোকনগরের একটি জলাশয় থেকে উদ্ধার হয় এক বিবাহিত তরুণীর দেহ, যার নেপথ্যে বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে প্রেমিকের হাতে খুনের তত্ত্ব উঠে এসেছে এবং পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে। সেই রেশ কাটতে না কাটতেই এবার কলকাতার পর্ণশ্রীর এই ঘটনা রাজ্যের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিয়ে ফের বড়সড় প্রশ্ন তুলে দিল।[TECHTARANGA-POST:10731]পর্ণশ্রী থানার পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির শরীরে কোনও আঘাতের চিহ্ন রয়েছে কিনা বা এটি আদতে খুন নাকি দুর্ঘটনাজনিত মৃত্যু, তা ময়নাতদন্তের রিপোর্ট এলেই পরিষ্কার হবে। তবে স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, বহিরাগত ওই ব্যক্তিকে পরিকল্পিতভাবে খুন করার পরই এই পুকুরে এনে ভাসিয়ে দেওয়া হয়েছে। পুলিশ আপাতত আশেপাশের থানার নিখোঁজ ডায়েরিগুলির তালিকা খতিয়ে দেখে ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে। শহরের বুকে একের পর এক এই ধরণের রহস্যময় মৃত্যুর ঘটনায় থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে দেবালয় চত্বরে।