Hidden Stories (বাংলা)

উত্তরে ধস আর প্লাবনের চরম খাঁড়া, দক্ষিণবঙ্গে হঠাৎ আবহাওয়ার মোড় ঘোরার বড় পূর্বাভাস!

কলকাতা: মেঘ-রোদের দোলাচল আর চরম অস্বস্তির মাঝেই বাংলায় আবহাওয়ার আমূল বদল! একদিকে উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির কারণে ধস ও প্লাবনের আশঙ্কায় লাল-কমলা সতর্কতা জারি করা হয়েছে, অন্যদিকে দক্ষিণবঙ্গে মঙ্গলবার থেকে বৃষ্টির বহর বাড়ার তীব্র বার্তা দিল আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরের নিম্নচাপটি রাজস্থানের দিকে সরে যাওয়ায় দক্ষিণবঙ্গে তার সরাসরি প্রভাব কমলেও মৌসুমী অক্ষরেখা এবং হিমাচল ও অসমের ওপর সক্রিয় দুই ঘূর্ণাবর্তের জোড়া ফলায় রাজ্যজুড়ে তৈরি হয়েছে এক জটিল পরিস্থিতি।আজ রবিবার থেকেই উত্তরবঙ্গের পাহাড় ও সমতলের জেলাগুলিতে আবহাওয়ার চরম অবনতি হতে চলেছে। বিশেষ করে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টির জন্য জারি করা হয়েছে কমলা সতর্কতা। সেই সঙ্গে দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। সোমবার ও মঙ্গলবার এই দুর্যোগ আরও ভয়াবহ আকার ধারণ করবে। লাগাতার মুষলধারে বৃষ্টির জেরে তিস্তা, তোর্সা, রাইডাক ও জলঢাকা নদীর জলস্তর দ্রুত বৃদ্ধি পাওয়ার পাশাপাশি পার্বত্য অঞ্চলে ধস নামা এবং নিচু এলাকা প্লাবিত হওয়ার প্রবল ঝুঁকি তৈরি হয়েছে। উত্তরবঙ্গের এই বর্ষণ দুর্যোগ চলতি সপ্তাহের বৃহস্পতিবার পর্যন্ত অব্যাহত থাকবে বলে স্পষ্ট জানানো হয়েছে।অন্যদিকে, আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চরম আর্দ্রতাজনিত অস্বস্তি ও আংশিক মেঘলা আকাশ দেখা গেলেও মঙ্গলবার থেকে আবহাওয়ার গতিপ্রকৃতি পুরোপুরি বদলে যাবে। মঙ্গলবার বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা দিয়ে শুরু হলেও বুধ ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বিস্তার লাভ করবে এই বৃষ্টি। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান জেলা সহ আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চলেও মঙ্গলবার থেকে টানা ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে, যা দক্ষিণবঙ্গবাসীকে তীব্র গরম থেকে সাময়িক স্বস্তি দিতে পারে।হিডেন স্টোরিজ নিউজ

উত্তরে ধস আর প্লাবনের চরম খাঁড়া, দক্ষিণবঙ্গে হঠাৎ আবহাওয়ার মোড় ঘোরার বড় পূর্বাভাস!