কলকাতা: মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এবার সরাসরি আন্তর্জাতিক কূটনীতির মহাসমাবেশে শামিল হতে চলেছেন শুভেন্দু অধিকারী। দেশের মাটিতে আয়োজিত হতে চলা হাই-প্রোফাইল ১৮তম ব্রিকস সম্মেলনের মেগা আসরে যোগ দিতে শনিবারই দিল্লি উড়ে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। দিল্লির ভারত মণ্ডপমে ব্রিকসের উদ্বোধনী পর্বের পর প্রথম দিন সন্ধেয় রাষ্ট্রপতি ভবনে বিদেশি রাষ্ট্রপ্রধানদের সম্মানে এক রাজকীয় নৈশভোজের আয়োজন করা হয়েছে। সেই মেগা ডিনারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি হাজির থাকছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চিনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সেই ঐতিহাসিক কূটনৈতিক আসরেই এক টেবিলে বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের সঙ্গে শামিল হবেন শুভেন্দু অধিকারী।সূত্রের খবর, শনিবার দুপুর বা বিকেল নাগাদ দিল্লি পৌঁছবেন মুখ্যমন্ত্রী। ক্ষমতায় আসার পর এই প্রথম দেশের বুকে আয়োজিত ব্রিকসের মতো এত বড় এক বৈশ্বিক মঞ্চে উপস্থিত হওয়ার সুযোগ পাচ্ছেন তিনি। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আয়োজিত এই সম্মেলনে দেশের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হলেও, রাজনৈতিক মহলের নজর বিশেষভাবে আটকে শুভেন্দুর উপস্থিতির দিকেই। বিশেষ করে সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক প্রেক্ষাপটে যখন মধ্যপ্রাচ্য সংকট ও ব্রিকসের ক্ষমতা বিস্তার নিয়ে গোটা বিশ্ব তোলপাড়, তখন খোদ মোদী, পুতিন ও জিনপিংয়ের সঙ্গে একই সন্ধ্যায় এক ছাদের নিচে শুভেন্দুর এই উপস্থিতি রাজ্য রাজনীতির ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও মর্যাদাপূর্ণ এক বার্তা বহন করছে।তবে শুভেন্দুর এই সফরের আকর্ষণ কেবল দিল্লির রাইসিনা হিলসের নৈশভোজেই সীমাবদ্ধ থাকছে না। সূত্রের জোরালো দাবি, ব্রিকসের জমকালো অনুষ্ঠান শেষ করে দিল্লি থেকেই সোজা দেশের বাণিজ্যিক রাজধানী মুম্বইয়ের উদ্দেশে রওনা দিতে পারেন মুখ্যমন্ত্রী। সেখানে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ আম্বানির সঙ্গে তাঁর একান্ত বৈঠক হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ক্ষমতায় আসার পর থেকেই বাংলায় শিল্পখরা কাটাতে এবং রাজ্যে কর্পোরেট বিনিয়োগ আনতে সাঁড়াশি দৌড়ঝাঁপ শুরু করেছে শুভেন্দু সরকার। আমুল, আদানি ও শ্যাম স্টিলের পর এবার রিলায়েন্সের মতো দেশের শীর্ষ সংস্থাকে বাংলায় বড় প্রকল্পে লগ্নি করানোর লক্ষ্যেই আম্বানির সঙ্গে এই মেগা বৈঠকের ব্লু-প্রিন্ট সাজানো হয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।হিডেন স্টোরিজ নিউজ