Hidden Stories (বাংলা)

পুজো মিটলেই ভোটের দামামা! রাজ্যজুড়ে পুর নির্বাচন নিয়ে কী বার্তা পুরমন্ত্রীর?

বাঁকুড়া: দুর্গাপুজোর আমেজ কাটতে না কাটতেই রাজ্যে বাজতে চলেছে পুর নির্বাচনের বাদ্যি। আগামী ডিসেম্বর মাসেই সম্পন্ন হতে পারে রাজ্যের একাধিক স্তব্ধ হয়ে থাকা পুরসভার নির্বাচন। মঙ্গলবার বাঁকুড়ায় এক প্রশাসনিক সভায় যোগ দিতে এসে এমনই এক চাঞ্চল্যকর ইঙ্গিত দিলেন রাজ্য সরকারের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বাঁকুড়া জেলা পরিষদ অডিটোরিয়ামে প্রবেশের মুখে স্থানীয় নাগরিকরা যখন প্রশাসকের হাতে থাকা পুরসভাগুলির ক্ষীয়মাণ নাগরিক পরিষেবা ও সমস্যার কথা মন্ত্রীর সামনে তুলে ধরেন, তখনই দ্রুত নির্বাচিত বোর্ড গঠনের আশ্বাস দিয়ে ডিসেম্বরেই পুরভোট করানোর সিদ্ধান্তের কথা জানান তিনি।  রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকেই বাঁকুড়ার তিনটি পুরসভা সহ বহু অঞ্চলে প্রশাসকমণ্ডলী বসিয়ে কাজ চালানো হচ্ছে। এর ফলে দীর্ঘদিন ধরে থমকে থাকা রাস্তা, নিকাশি ও পানীয় জলের সমস্যার কারণে ক্ষোভ বাড়ছিল সাধারণ মানুষের মধ্যে। এই প্রসঙ্গে কড়া সুর চড়িয়ে পুরমন্ত্রী জানান, বিগত সরকারের ১৫ বছর কিংবা তার আগের ৩৪ বছরে কোনও দপ্তরের সঠিক কাজ হয়নি, প্রতিটি দপ্তরকে নতুন করে দাঁড় করাতে হচ্ছে। নাগরিক পরিষেবা সচল রাখাই নতুন সরকারের প্রধান লক্ষ্য উল্লেখ করে তিনি স্পষ্ট করেন যে, প্রশাসনিক জটিলতা কাটিয়ে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন প্রক্রিয়া সেরে জনগণের হাতে দায়িত্ব তুলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে রাজ্য।হিডেন স্টোরিজ নিউজ

পুজো মিটলেই ভোটের দামামা! রাজ্যজুড়ে পুর নির্বাচন নিয়ে কী বার্তা পুরমন্ত্রীর?