Narendra Modi: গঙ্গার পাড়ে ১০৮ মিটারের ভারত মণ্ডল ও লক্ষ প্রদীপের আলো! মোদীর জন্মদিনে বাংলায় নবান্ন থেকে শুভেন্দুর মেগা মাস্টারপ্ল্যান?
কলকাতা: ৭৫ বছর পেরিয়ে আগামী ১৭ সেপ্টেম্বর ৭৬-এ পা রাখতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রীর মসনদ—একজন পোড় খাওয়া ‘প্রশাসক’ হিসেবে তাঁর ২৫ বছর পূর্তিও হতে চলেছে এই বছর। এই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে রাখতে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে নজিরবিহীন মেগা সেলিব্রেশনের রূপরেখা চূড়ান্ত করল রাজ্য সরকার। বৃহস্পতিবার নবান্নে উচ্চপর্যায়ের এক প্রস্তুতি বৈঠকের পর সাংবাদিক সম্মেলন করে দিনভর উদযাপনের একগুচ্ছ জমকালো কর্মসূচির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পূর্বঘোষিত ‘অন্নপূর্ণা দিবস’ পালনের পাশাপাশি ১৭ সেপ্টেম্বর রাজ্যজুড়ে যে আবহ তৈরি হতে চলেছে, তাকে কার্যত এক ‘অকাল দিওয়ালি’ বলেই অভিহিত করা হচ্ছে।মুখ্যমন্ত্রী জানান, সূর্যাস্তের পর মূল উদযাপন অনুষ্ঠিত হবে কলকাতার গঙ্গার ঘাটে, যেখানে লক্ষ প্রদীপের আলোয় আলোকিত হবে তিলোত্তমা। পাশাপাশি কালীঘাট মন্দির এবং কলকাতার সমস্ত ঐতিহ্যবাহী সরকারি ভবন সাজানো হবে বর্ণাঢ্য প্রদীপমালায়। এরপর নেতাজি ইনডোর স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর দীর্ঘ রাজনৈতিক ও প্রশাসনিক জীবনের সাফল্য তুলে ধরে মহাসমারোহে সম্মাননা জ্ঞাপন করা হবে। শুধু আলোতেই শেষ নয়, দিনটিকে কেন্দ্র করে রাজ্যজুড়ে বের হবে ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’, যেখানে বাইক ও সাইকেল মিছিল, সেবা যাত্রা এবং সেবাসেতু যাত্রার মতো নানাবিধ কর্মসূচি রাখা হয়েছে। এই উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ হতে চলেছে পরিবেশবান্ধব প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি বিশালাকার ১০৮ মিটারের এক ‘ভারত মণ্ডল’ রঙ্গোলি।এ ছাড়াও পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিকে সঙ্গে নিয়ে আয়োজন করা হচ্ছে ‘রাষ্ট্রীয় ইনোভেশন চ্যালেঞ্জ’। ভবিষ্যৎ ভারতের রূপরেখা তুলে ধরতে স্কুলশিক্ষা দপ্তরের উদ্যোগে রাজ্যের প্রায় ৮০ হাজার পড়ুয়াকে নিয়ে ২০৪৭ সালের ‘বিকশিত ভারত’ ভাবনা শীর্ষক চিত্রাঙ্কন, প্রবন্ধ রচনা ও আবৃত্তি প্রতিযোগিতার মতো মেগা ইভেন্ট অনুষ্ঠিত হবে। তবে রাজ্যজুড়ে এই বর্ণাঢ্য সরকারি উৎসব পালিত হলেও স্পষ্ট ব্যতিক্রম থাকছে দুটি এলাকায়। আগামী ৬ অক্টোবর বিধানসভা উপনির্বাচন থাকায় আদর্শ আচরণবিধির কারণে নন্দীগ্রাম ও রেজিনগরে সরকারের তরফে কোনো সরকারি কর্মসূচি রাখা হচ্ছে না। মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, ওই দুই কেন্দ্রে সরকারি স্তরে কোনো সেলিব্রেশন না হলেও সাধারণ নাগরিক বা রাজনৈতিক দল নিজেদের মতো করে উদযাপন করতেই পারেন। নবান্নের এমন নজিরবিহীন প্রস্তুতি দেখে রাজনৈতিক মহলের মত, প্রধানমন্ত্রীর জন্মতিথিকে সামনে রেখে বঙ্গে এক অভূতপূর্ব উৎসবের ঢেউ তুলতে চলেছে রাজ্য প্রশাসন।[TECHTARANGA-POST:12515]হিডেন স্টোরিজ নিউজ