Mahalaya 2026: মহালয়ার কাউন্টডাউন শুরু, দেবীর সাজে টলিপাড়ার একঝাঁক পরিচিত মুখ! কোন চ্যানেলে দেখা যাবে কাকে?
মহালয়ার ভোর মানেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে ‘মহিষাসুরমর্দিনী’, আগমনী সুর আর পুজো পুজো গন্ধ। রেডিয়োর পাশাপাশি টেলিভিশনের পর্দাতেও মহালয়ার অনুষ্ঠান দেখার জন্য মুখিয়ে থাকেন বাঙালি দর্শক। প্রতি বছরই মহালয়ার আগে মানুষের আগে কৌতূহল জাগে, কোন চ্যানেলে দেবী দুর্গার ভূমিকায় দেখা যাবে কোন অভিনেত্রীকে। এবছরও তার ব্যতিক্রম হচ্ছে না। আগামী ১০ অক্টোবর মহালয়ার দিন একাধিক চ্যানেলে দেবীর নানা রূপে ধরা দেবেন জনপ্রিয় টেলি তারকারা।[TECHTARANGA-POST:13228]স্টার জলসার এবারের মহালয়ার অনুষ্ঠানের নাম ‘রূপে রূপান্তরে মহিষাসুরমর্দিনী’। এই অনুষ্ঠানে দেবী দুর্গার ভূমিকায় দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। শিবের চরিত্রে থাকছেন রণজয় বিষ্ণু। দেবী কমলার রূপে থাকছেন হিয়া মুখার্জি, দেবী ভ্রামরী হচ্ছেন মানালি মনীষা দে এবং দেবী কালী রূপে দেখা যাবে স্নেহা গুড়িয়াকে। অন্যদিকে জি বাংলার মহালয়া নিয়েও দর্শকরা বেশ আগ্রহী। এই চ্যানেলের মহালয়ার অনুষ্ঠানে দেবী দুর্গার ভূমিকায় দেখা যাবে অঙ্কিতা মল্লিককে। ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের পরিচিত মুখ হয়ে উঠেছেন তিনি। এবার ফের ছোটপর্দায় দুর্গার সাজে দেখা যাবে তাঁকে। দেবীর অন্যান্য রূপেও জি বাংলার জনপ্রিয় অভিনেত্রীদের দেখা যাওয়ার কথা রয়েছে। [TECHTARANGA-POST:13224]অন্যদিকে, সান বাংলাতেও শুরু হয়ে গিয়েছে মহালয়ার প্রস্তুতি। এই চ্যানেলের এবারের অনুষ্ঠানের নাম ‘অভয়াশক্তি - যুগে যুগে অপরাজিতা’। দেবী দুর্গার ভূমিকায় থাকছেন দিতিপ্রিয়া রায়। এর আগেও একাধিকবার দেবীর নানা রূপে টেলিভিশনের পর্দায় দেখা গিয়েছে তাঁকে। ২০১৮, ২০১৯, ২০২০ এবং ২০২৩ সালে জি বাংলার মহালয়ার অনুষ্ঠানে দেবীর নানা রূপে অভিনয় করেছিলেন দিতিপ্রিয়া। ২০২১ সালে স্টার জলসার মহিষাসুরমর্দিনী অনুষ্ঠানেও তাঁকে দেখা গিয়েছিল। এবার ফের সান বাংলার হাত ধরে মহালয়ার অনুষ্ঠানে ফিরছেন অভিনেত্রী।