ইসলামপুর: মাধ্যমিকে অভাবনীয় সাফল্য এসেছে! মেধাতালিকায় পঞ্চম স্থান দখল করেছে উত্তর দিনাজপুরের ইসলামপুর গার্লস হাই স্কুলের ছাত্রী বেদশ্রুতি সিংহ। কিন্তু, আশ্চর্যের বিষয় হল, তার এই সাফল্যের খবর যখন রাজ্যজুড়ে ছড়িয়ে পড়ছে, তখনই বেদশ্রুতি রাজ্যে আর নেই! রেজাল্ট আউটের আগেই সে পাড়ি দিয়েছে সুদূর হায়দরাবাদে। কেন এই মেধাবী ছাত্রী বাংলা ছাড়ার সিদ্ধান্ত নিল? তা নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে।[TECHTARANGA-POST:8879]বেদশ্রুতির প্রাপ্ত নম্বর ৬৯৩ (৯৯ শতাংশ)। তার এই সাফল্যে খুশি পরিবার ও স্কুল কর্তৃপক্ষ। তবে, বেদশ্রুতি ও তার পরিবারের লক্ষ্য এখন আরও বড়। প্রথাগত উচ্চ মাধ্যমিকের পড়াশোনার চেয়েও সে বেশি গুরুত্ব দিচ্ছে সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স (JEE) পরীক্ষায়। স্বপ্ন— দেশের কোনও প্রথম সারির আইআইটি থেকে ইঞ্জিনিয়ারিং পড়া। আর, সেই প্রস্তুতির লক্ষ্যেই সে হায়দরাবাদের একটি নামী বেসরকারি প্রতিষ্ঠানে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে। সেখানে মূলত পদার্থবিদ্যা, রসায়ন ও গণিত নিয়েই তার পঠনপাঠন চলছে।[TECHTARANGA-POST:8876]বেদশ্রুতির এই সাফল্যের পিছনে রয়েছে পারিবারিক অনুপ্রেরণা। তার বাবা বিনয় সিংহ জানান, পড়াশোনার রক্ত তাদের পরিবারের ধমনীতে। ২০১৪ সালে বেদশ্রুতির দাদাও মাধ্যমিকে রাজ্যে সপ্তম স্থান অধিকার করেছিল। বর্তমানে তিনি বিদেশে কর্মরত! দাদার সেই লড়াই দেখেই নিজেকে তৈরি করেছে বেদশ্রুতি। মেধাবী এই ছাত্রী পড়াশোনার পাশাপাশি দারুণ গিটার বাজায় এবং গান গাইতে ভালোবাসে। তবে, আপাতত জীবনের সুর নয়, বিজ্ঞানের জটিল সমীকরণ মেলাতেই হায়দরাবাদে ব্যস্ত সে।[TECHTARANGA-POST:8875]মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, এ বছর মাধ্যমিকে মোট ৯ লক্ষ ৫৯ হাজার ৭৫৩ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল। এর মধ্যে মেয়েদের সংখ্যাই ছিল বেশি (৫ লক্ষ ৩০ হাজার ৬৫০ জন)। মেধাতালিকায় প্রথম দশে রয়েছে ১৩১ জন। ৯৯.৭১ শতাংশ নম্বর নিয়ে রাজ্যে প্রথম হয়েছে বেদশ্রুতিরই জেলার ছাত্র অভিরূপ ভদ্র। তবে, ছাত্রীদের মধ্যে সেরার মুকুট মাথায় নিয়ে বেদশ্রুতির ভিনরাজ্যে পাড়ি দেওয়ার ঘটনাটি রাজ্যের শিক্ষামহলে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে।
প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার