কলকাতা: নিম্নচাপ কাটলেও এখনই বর্ষার হাত থেকে নিস্তার নেই রাজ্যবাসীর। ক্যালেন্ডার মেনে ভাদ্র মাস এসে পড়লেও মেজাজ বদলাতে নারাজ বরুণদেব। ফের গোটা বাংলা জুড়েই বৃষ্টির জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির জেরে ফের দুর্যোগের আশঙ্কা দেখা দিয়েছে। অন্য দিকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও ছুটির মেজাজে জল ঢালতে পারে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি।উত্তরবঙ্গে বর্ষা বেশ ভালো রকমই সক্রিয় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের মতো জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পাহাড়ে টানা বর্ষণের কারণে ধস নামার প্রবল আশঙ্কা তৈরি হয়েছে, যা পর্যটক ও স্থানীয়দের জন্য উদ্বেগের কারণ হতে পারে। ব্যাহত হতে পারে পাহাড়ি যোগাযোগ ব্যবস্থাও।দক্ষিণবঙ্গে টানা অতিভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আকাশ মূলত মেঘলাই থাকবে। কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া এবং মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলেও কিন্তু ভ্যাপসা গরম থেকে এখনই রেহাই মিলছে না। বাতাসে মাত্রাতিরিক্ত জলীয়বাষ্পের কারণে তাপমাত্রা ৩২ থেকে ৩৫ ডিগ্রির আশেপাশে থাকলেও অস্বস্তি চরমে উঠবে। আবহাওয়া দফতরের ইঙ্গিত, ২১ ও ২২ অগস্ট দক্ষিণবঙ্গে বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ চলবে। মাঝে দু'দিন কিছুটা বিরতির পর ফের ২৫ ও ২৬ অগস্ট থেকে রাজ্যজুড়ে নতুন করে ভারী বৃষ্টির দাপট শুরু হতে পারে।[TECHTARANGA-POST:11827]হিডেন স্টোরিজ নিউজ