Hidden Stories (বাংলা)

Madan Mitra: 'দুষ্কৃতীদের শেষ আশ্রয় রাজনীতি'- উষ্মা বীতশ্রদ্ধ মদনের!

কলকাতা: "সবাই না হলেও, পলিটিক্স হ্যাজ বিকাম দ্য লাস্ট রিসর্ট অফ দ্য স্কাউন্ড্রেলস! এটা স্কাউন্ড্রেলদের আস্তাকুঁড় হয়ে গেছে।"— বর্তমান রাজনীতির সামগ্রিক অবক্ষয় ও হালচাল নিয়ে এভাবেই বিস্ফোরক বিষোদ্গার করলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। একের পর এক রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে দুর্নীতি ও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ ওঠায় এবার রাজনীতির পুরো আঙিনা নিয়েই চরম বিরক্তি প্রকাশ করলেন এই বর্ষীয়ান নেতা। শুধু বিরক্তি প্রকাশই নয়, রাজনীতির এই পঙ্কিল পরিবেশ থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার এবং রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার স্পষ্ট ইঙ্গিত দিলেন তিনি।সামাজিক ও রাজনৈতিক জীবনে ‘চোর’ কিংবা ‘চরিত্রহীন’ অপবাদের অভিঘাত অত্যন্ত সুদূরপ্রসারী ও যন্ত্রণাদায়ক। আদালতে অপরাধ প্রমাণিত হওয়ার আগেই জনসমক্ষে কোনও নেতার গায়ে এমন কালি লাগলে তা কেবল সংশ্লিষ্ট ব্যক্তিকেই নয়, পুরো দলকেও কালিমালিপ্ত করে। রাজনৈতিক মঞ্চে আজকাল নীতি-আদর্শের চেয়ে দুর্নীতির অভিযোগ যেভাবে মূল আলোচনার বিষয় হয়ে উঠছে, তাতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মদন। নিজের ভবিষ্যৎ পরিকল্পনা ও মানসিক অবস্থান ব্যক্ত করতে গিয়ে তিনি জানান, “আমি নিজে ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নিচ্ছি, নেওয়ার চেষ্টা করছি, যে আস্তে আস্তে কতটা পলিটিক্স থেকে সরে যাওয়া যায়। কারণ যত দিন যাচ্ছে, পলিটিক্সের ওপর আমার ঘৃণা ছাড়া আর কিছু বাড়ছে না।” তাঁর স্পষ্ট বক্তব্য, রাজনীতি এখন দুষ্কৃতীদের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হয়েছে, যা তাঁকে প্রতিনিয়ত হতাশার দিকে ঠেলে দিচ্ছে।তবে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, মদন মিত্রের কণ্ঠে এই ‘বৈরাগ্য’ বা রাজনীতি ছাড়ার হুমকি কিন্তু একদম নতুন কিছু নয়। এর আগেও একাধিক জটিল পরিস্থিতিতে বা দলীয় অসন্তোষের সময় রাজনীতি থেকে অবসর নেওয়ার কথা শোনা গিয়েছে তাঁর মুখে। যদিও অতীতে এই নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হলে স্পষ্ট কোনো জবাব না দিয়ে হালকা চালে প্রসঙ্গ এড়িয়ে গিয়েছিলেন তিনি। ফলে এবারও কামারহাটির বিধায়কের এই বিষোদ্গার কেবলই সাময়িক আক্ষেপ, নাকি নেপথ্যে অন্য কোনো গভীর রাজনৈতিক কৌশল লুকিয়ে রয়েছে, তা নিয়ে অনুগামী ও দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে জোর চর্চা শুরু হয়েছে।তৃণমূলের অভ্যন্তরে যখন একের পর এক নেতা আইনি জটে জর্জরিত, ঠিক সেই মুহূর্তে দলেরই অন্যতম রঙিন ও জনপ্রিয় মুখ মদন মিত্রের এই তীব্র ক্ষোভ প্রকাশ যে রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল তৈরি করল, তা বলার অপেক্ষা রাখে না।

Madan Mitra: 'দুষ্কৃতীদের শেষ আশ্রয় রাজনীতি'- উষ্মা বীতশ্রদ্ধ মদনের!