ঝুলন গোস্বামীর জেলায় ফের ইতিহাসের হাতছানি! অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের টি-টোয়েন্টি স্কোয়াডে সুযোগ পেলেন বঙ্গতনয়া সুজাতা দে
কৃষ্ণনগর: চাকদহের কিংবদন্তি পেসার ঝুলন গোস্বামীর পর ফের ভারতীয় ক্রিকেটের মূল আঙিনায় উজ্জ্বল নদিয়ার মুখ। ভারতীয় মহিলা ‘এ’ দলের টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা করে নিলেন কৃষ্ণনগরের বাঁহাতি বোলিং অলরাউন্ডার সুজাতা দে। আগামী ১২ সেপ্টেম্বর থেকে অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে শুরু হতে চলা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত ভারতীয় স্কোয়াডে সুযোগ পেয়েছেন কৃষ্ণনগর রোড স্টেশন সংলগ্ন এলাকার এই তরুণী প্রতিভা।সুজাতার ক্রিকেটে আসার নেপথ্যে রয়েছে এক চমকপ্রদ গল্প। ছোটবেলায় ক্রিকেটার হওয়ার কোনও সুনির্দিষ্ট পরিকল্পনাই ছিল না তাঁর। পাড়ার বন্ধুরা তাঁর দাদাকে ক্রিকেট খেলতে ডাকতে এলে দাদা মাঠে যেতে অনিচ্ছা প্রকাশ করতেন, আর ঠিক সেই সুযোগেই দাদার বদলে খেলতে মাঠে যেতেন সুজাতা। সেই থেকেই ব্যাট-বলের প্রতি তৈরি হয় গভীর ভালোবাসা। মাত্র ১৭ বছর বয়সে কৃষ্ণনগর ডিস্ট্রিক্ট স্টেডিয়ামের কোচিং ক্যাম্পে বেনেডিক্ট গোমস, ঋতব্রত চৌধুরী এবং অভিজিৎ চৌধুরীর অধীনে শুরু হয় তাঁর আনুষ্ঠানিক প্রশিক্ষণ। এরপর কঠোর পরিশ্রম ও অদম্য জেদের জোরে জেলা ক্রিকেটের গণ্ডি পেরিয়ে রাজ্যস্তরে একের পর এক ধাপ পেরোতে থাকেন তিনি।বাংলার জুনিয়র, সিনিয়র ও অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি সিএবি পরিচালিত বেঙ্গল প্রিমিয়ার লিগেও বল ও ব্যাট হাতে ধারাবাহিক নজরকাড়া পারফরম্যান্স দেখিয়েছেন সুজাতা। সেই অলরাউন্ড দক্ষতার পুরস্কার হিসেবেই সরাসরি খুলে গেল জাতীয় দলের দরজা। সরকারি কর্মচারী বাবা সুব্রত দে-সহ পরিবারের প্রত্যেকেই মেয়ের এই সাফল্যে আনন্দে ভাসছেন। জেলার ক্রীড়ামহলেও এখন খুশির আবহ। অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে এই মঞ্চকে কাজে লাগিয়ে ভবিষ্যতে ভারতীয় সিনিয়র দলের নীল জার্সি গায়ে তোলাই এখন সুজাতার একমাত্র লক্ষ্য।হিডেন স্টোরিজ নিউজ