Cyber Crime :'৩ লাখ টাকা না দিলেই খুন!' বিদেশে চাকরির প্রলোভনে ইনস্টাগ্রামে ছাত্রী ‘অপহরণ’, নিউ মার্কেটের হোটেলে পর্দাফাঁস পুলিশের!
হাওড়া: বিদেশে লোভনীয় চাকরি ও উচ্চশিক্ষার টোপ দিয়ে সমাজমাধ্যমে বন্ধুত্ব পাতিয়ে শেষ পর্যন্ত একাদশ শ্রেণির ছাত্রীকে ব্ল্যাকমেল ও অপহরণের চাঞ্চল্যকর অভিযোগ উঠল আন্তঃরাজ্য সাইবার অপরাধীদের বিরুদ্ধে। মুক্তিপণ হিসেবে ৩ লক্ষ টাকা না পেলে নাবালিকাকে প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হয় পরিবারকে। তবে পরিবারের অভিযোগ পেয়েই কালবিলম্ব না করে হাওড়া গ্রামীণ জেলা পুলিশের যৌথ তদন্তকারী দল কলকাতার নিউ মার্কেট থানা এলাকার একটি হোটেলে ঝটিকা অভিযান চালিয়ে ওই স্কুলছাত্রীকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে।পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গিয়েছে, হাওড়ার জগৎবল্লভপুরের শঙ্করহাটি-২ এলাকার বাসিন্দা ওই ছাত্রীর সঙ্গে ইনস্টাগ্রামে আলাপ জমিয়েছিল সাইবার জালিয়াতরা। বিদেশে নিশ্চিত ভবিষ্যৎ ও কাজের ভুয়ো প্রলোভন দেখিয়ে গত ৭ সেপ্টেম্বর তাকে সমস্ত পরিচয়পত্র-সহ কলকাতায় ডেকে পাঠানো হয়। স্কুলে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয়ে বন্ধুদের কাছ থেকে টাকা ধার করে বাসে চড়ে ধর্মতলায় পৌঁছায় ওই কিশোরী। তদন্তে উঠে এসেছে, অভিযুক্তরা আগে থেকেই নিউ মার্কেট এলাকার একটি হোটেলে ঘর ভাড়া করে রেখেছিল। সেখানেই তাকে কার্যত বন্দি রেখে পরিবারের কাছে ফোনে ৩ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয় এবং টাকা না পেলে খুনের চরম হুমকি দেওয়া হয়।মেয়ে নিখোঁজ হওয়ার পরই জগৎবল্লভপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিল পরিবার। এর পরেই ফোনের সূত্র ধরে হাওড়া গ্রামীণ জেলা পুলিশের সাইবার সেল, রাজ্য পুলিশের চাইল্ড ওয়েলফেয়ার কমিটি ও পদস্থ কর্তারা যৌথ অভিযান শুরু করেন। অভিযুক্তদের ফোনের সূত্র ট্র্যাক করে পুলিশ নিশ্চিত হয় যে, ছাত্রীটি একাই নিউ মার্কেটের ওই হোটেল রুমে বন্দি রয়েছে। বুধবার গভীর রাতে সেখানে অতর্কিত হানা দিয়ে নাবালিকাকে উদ্ধার করা হয়। হাওড়া গ্রামীণ পুলিশ সুপার অমিত বর্মা জানান, মেয়েটিকে নিরাপদে উদ্ধার করে বৃহস্পতিবার জুভেনাইল জাস্টিস বোর্ডে হাজির করানো হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বিহার, পশ্চিম উত্তরপ্রদেশ ও হরিয়ানা জুড়ে বিস্তৃত কোনো কুখ্যাত আন্তঃরাজ্য সাইবার অপহরণ চক্র এই ঘটনার নেপথ্যে কাজ করছে। অভিযুক্তদের সন্ধানে জোরদার তল্লাশি জারি রেখেছে পুলিশ।[TECHTARANGA-POST:12513]হিডেন স্টোরিজ নিউজ