Hidden Stories (বাংলা)

ইতালির ইতিহাসে নয়া রেকর্ড মেলোনির! ‘বিশেষ বন্ধু’কে আবেগঘন বার্তা প্রধানমন্ত্রী মোদীর

নয়াদিল্লি: বিশ্ব রাজনীতির আঙিনায় ফের এক ঐতিহাসিক মাইলফলক ছুঁলেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইতালির রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে দীর্ঘ মেয়াদে নিরবচ্ছিন্নভাবে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করার রেকর্ড এখন তাঁর দখলে। বিশ্বমঞ্চে ‘বিশেষ বন্ধু’র এই অভূতপূর্ব সাফল্যে উচ্ছ্বসিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যম ‘এক্স’-এ দেওয়া একটি বিশেষ বার্তায় মেলোনিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান ভারতের প্রধানমন্ত্রী।মেলোনির এই রেকর্ড অর্জনকে ইতালির মানুষের ভালোবাসা ও গভীর বিশ্বাসের প্রতীক বলে অ্যাখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। বার্তায় তিনি লেখেন, "দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর ইতালীয় ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী হওয়ার জন্য আমার বন্ধু প্রধানমন্ত্রী মেলোনিকে জানাই আন্তরিক অভিনন্দন। এই ঐতিহাসিক অর্জন তাঁর শক্তিশালী নেতৃত্বের প্রতি ইতালির জনগণের অটুট আস্থা ও বিশ্বাসের প্রতিফলন।" এর পাশাপাশি দুই দেশের মধ্যকার ‘বিশেষ কৌশলগত অংশীদারিত্ব’ আরও সুদৃঢ় করতে মেলোনির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি। ভবিষ্যতে আন্তর্জাতিক শান্তি ও দ্বিপাক্ষিক সমৃদ্ধি সুনিশ্চিত করতে মোদী ইতালি-ভারত ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রাখার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন।উল্লেখ্য, আন্তর্জাতিক ভূরাজনীতির পাশাপাশি মোদী ও মেলোনির ব্যক্তিগত বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সমীকরণও সবসময় নেটদুনিয়ার আলোচনার কেন্দ্রে থাকে। বিগত দিনে প্রধানমন্ত্রী মোদীর উপহার দেওয়া বিখ্যাত ‘মেলোডি’ টফির প্যাকেট হাতে মেলোনির সেই বিশেষ ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছিল। আবার মোদীর জন্মদিনে মেলোনির উষ্ণ বার্তা কিংবা ইতালীয় প্রধানমন্ত্রীর আত্মজীবনীর ভারতীয় সংস্করণে মোদীর সপ্রশংস ভূমিকা লেখা— দুই রাষ্ট্রপ্রধানের এই আন্তরিক সখ্য বারবার নজর কেড়েছে বিশ্বের। বিশ্বমঞ্চে ইতালির এই অনন্য রাজনৈতিক মাইলফলকের পর মোদী-মেলোনি বন্ধুত্বের রসায়ন আরও এক ধাপ নতুন উচ্চতা ছুঁল বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।হিডেন স্টোরিজ নিউজ

ইতালির ইতিহাসে নয়া রেকর্ড মেলোনির! ‘বিশেষ বন্ধু’কে আবেগঘন বার্তা প্রধানমন্ত্রী মোদীর