পুরভোটের মুখে হাওড়া দখলে বিরাট চাল বিজেপির! বিশিষ্টদের দিয়ে তৈরি হচ্ছে পৃথক ইস্তেহার, ওয়ার্ডে ওয়ার্ডে প্রকাশ পাবে ‘চার্জশিট’?
হাওড়া: আসন্ন পুরনির্বাচনকে পাখির চোখ করে হাওড়া পুরনিগম দখলে এবার সম্পূর্ণ ভিন্ন রণকৌশল নিয়ে ময়দানে নামল বিজেপি। হাওড়া পুরসভার জন্য এবার দলীয় স্তরের বাইরে গিয়ে তৈরি হতে চলেছে এক পৃথক ঘোষণাপত্র বা ইস্তেহার, যার রূপরেখা তৈরি করবেন শহরের বিশিষ্ট নাগরিকরাই। সোমবার হাওড়া জেলা বিজেপির ডাকা এক বিশেষ সাংগঠনিক বৈঠকে এই মেগা সিদ্ধান্ত গৃহীত হয়েছে। হাওড়া পুরভোটের দায়িত্বপ্রাপ্ত দলের রাজ্যসভার সাংসদ রাহুল সিনহার নেতৃত্বে আয়োজিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে সমস্ত মণ্ডল সভাপতি এবং নবগঠিত ওয়ার্ড কমিটির সভাপতিরা উপস্থিত ছিলেন।বৈঠক শেষে রাহুল সিনহা স্পষ্ট জানান, নামে বিজেপির হলেও এই ঘোষণাপত্র আসলে হবে হাওড়ার সাধারণ মানুষের নিজস্ব ইস্তেহার। এই লক্ষ্যে দলের প্রতিনিধিরা শহরের বুদ্ধিজীবী ও বিশিষ্ট নাগরিকদের বাড়ি বাড়ি গিয়ে তাঁদের মূল্যবান পরামর্শ সংগ্রহ করবেন। তিনি আরও ঘোষণা করেন, ডিলিমিটেশনের পর হাওড়ার ৫০টি ওয়ার্ড বেড়ে বর্তমানে ৬৮টিতে দাঁড়িয়েছে এবং প্রতিটি ওয়ার্ডেই বিজেপি ইতিমধ্যেই ওয়ার্ড ও ইলেকশন কমিটি তৈরি করে ফেলেছে। শুধু ইস্তেহারই নয়, বিগত দিনে কোন ওয়ার্ড কতটা পিছিয়ে পড়েছে এবং কোথায় কী নাগরিক সমস্যা রয়েছে, তার পুঙ্খানুপুঙ্খ তথ্য তুলে ধরে প্রতিটি ওয়ার্ডের জন্য পৃথক ‘চার্জশিট’ প্রকাশ করবে বিজেপি।তৃণমূলকে তীব্র আক্রমণ করে তিনি অভিযোগ করেন, নির্বাচনে পরাজয়ের ভয়েই এতদিন ধরে শাসকদল হাওড়ায় পুরভোট করায়নি এবং শহরটিকে চূড়ান্ত অবহেলার মধ্যে ফেলে রেখেছিল। হাওড়াকে ‘মডেল পুরসভা’ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করে তিনি কেন্দ্রে ও রাজ্যের পাশাপাশি পুরসভাতেও বিজেপিকে এনে ‘ট্রিপল ইঞ্জিন’ সরকার গঠনের ডাক দেন। একই সঙ্গে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন যে, আসন্ন পুরভোটে শুধুমাত্র স্বচ্ছ ভাবমূর্তিসম্পন্ন এবং এলাকার মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ থাকা পরিচিত মুখদেরই প্রার্থী করা হবে।[TECHTARANGA-POST:12191]হিডেন স্টোরিজ নিউজ