‘সিলেবাসের ৪ লাইনে নয়’, ক্ষুদিরামকে ঘরে ঘরে পৌঁছনোর ডাক! বড় ঘোষণা শুভেন্দুর
শহিদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবসে তাঁর স্মৃতিবিজড়িত ভিটেতে গিয়ে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার কেশপুরের মোহবনিতে ক্ষুদিরামের বাড়িতে পৌঁছে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি। সকালে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কপ্টার মাঝপথে জরুরি অবতরণ করলেও শেষ পর্যন্ত সড়কপথে কেশপুরে পৌঁছন মুখ্যমন্ত্রী।ক্ষুদিরামের ভিটেকে আরও আকর্ষণীয় করে তুলতে একাধিক পরিকল্পনার কথাও ঘোষণা করেন তিনি। বাড়িটিকে কেন্দ্র করে তৈরি হবে সংগ্রহশালা ও গ্যালারি। দর্শনার্থীদের জন্য থাকবে লেজার শোয়ের ব্যবস্থাও। পাশাপাশি ক্ষুদিরাম বসু এবং মেদিনীপুরের স্বাধীনতা আন্দোলন নিয়ে গবেষণা করতে আসা ব্যক্তিদের থাকার ব্যবস্থাও করা হবে। এই প্রকল্পগুলির জন্য মোহবনি উন্নয়ন বোর্ডকে ৫ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। জেলা প্রশাসনকে দ্রুত কাজ এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশও দিয়েছেন তিনি। ক্ষুদিরামের আত্মত্যাগকে নতুন প্রজন্মের কাছে আরও বেশি করে পৌঁছে দেওয়ার উপর জোর দেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, ‘‘সিলেবাসের ৪ লাইনে আটকে রাখা হয়েছে ক্ষুদিরামকে। তা করলে হবে না। স্কুল থেকে বিশ্ববিদ্যালয় স্তরে তাঁর ইতিহাস ছড়িয়ে দিতে হবে। এর জন্য আমি শিক্ষাদপ্তরের কাছে আবেদন জানাচ্ছি।” [TECHTARANGA-POST:11590]ক্ষুদিরাম বসুর পাশাপাশি মাতঙ্গিনী হাজরার মতো স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগের কথাও স্মরণ করেন তিনি। তাঁর দাবি, ক্ষুদিরামের আত্মবলিদান থেকে বর্তমান প্রজন্মের শিক্ষা নেওয়া উচিত। মুখ্যমন্ত্রীর ঘোষিত প্রকল্পগুলি বাস্তবায়নের দায়িত্ব জেলা প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে। এই উদ্যোগের মূল লক্ষ্য, ক্ষুদিরামের ভিটেকে ভবিষ্যতে ইতিহাস ও স্বাধীনতা সংগ্রামের গুরুত্বপূর্ণ স্মারক হিসেবে গড়ে তোলা।