শিলিগুড়ির প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন! মুহূর্তে ছড়াল আতঙ্ক, পুড়ল কোটি টাকার সামগ্রী
শিলিগুড়ি: সকালটা আচমকাই বদলে গেল আতঙ্কে। শিলিগুড়ির সেবক রোড লাগোয়া ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে একটি প্লাস্টিক কারখানা থেকে আচমকা ধোঁয়া বেরোতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে কারখানার ভিতরে। দাহ্য প্লাস্টিক সামগ্রী মজুত থাকায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় আশপাশের এলাকা। পাশেই একাধিক কারখানা ও গুদাম থাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় আতঙ্ক তৈরি হয়। খবর পেয়ে পুলিশ ও দমকল ঘটনাস্থলে পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করে। নিরাপত্তার কথা মাথায় রেখে সংলগ্ন এলাকা থেকে শ্রমিকদের সরিয়ে নেওয়া হয়। দমকলের একাধিক ইঞ্জিনের চেষ্টায় শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে কারখানার ভিতরের বিপুল পরিমাণ সামগ্রী পুড়ে যায়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা হতে পারে বলে অনুমান।আগুনের উৎস কোথায়, তা এখনও স্পষ্ট নয়। শর্ট সার্কিট, নাকি অন্য কোনও কারণে এই ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ ও দমকল। পাশাপাশি কারখানায় অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথাযথ ছিল কি না, সেটিও তদন্তের আওতায়। ঘটনায় এখনও কোনও হতাহতের খবর নেই।[TECHTARANGA-POST:11719]