Emraan Hashmi: শুটিং করতে গিয়ে ভয়ংকর কাণ্ড! ইমরানের পাশেই উল্টে আছড়ে পড়ল গাড়ি, কীভাবে বাঁচলেন অভিনেতা?
শুটিং সেটে ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হলেন বলিউড অভিনেতা ইমরান হাশমি। অ্যাকশন দৃশ্যের শুটিং চলাকালীন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল দ্রুতগতির গাড়ি। আছড়ে পড়ল দাঁড় করানো একটি ভ্যানের উপর। অল্পের জন্য বড় বিপদ এড়ালেন তিনি। ইমারান হাশমির নতুন ছবি ‘গানমাস্টার জি৯’-এর সেটে এই ঘটনাটি ঘটেছে। তবে অভিনেতার কোনও গুরুতর চোট লাগেনি বলে জানিয়েছে তাঁর টিম।সাম্প্রতিক ছবি ‘আওয়ারাপন ২’-এ বিশাল সাফল্য পেয়েছেন অভিনেতা। বর্তমানে ‘গানমাস্টার জি৯’-এর কাজে ব্যস্ত ইমরান। ছবির ক্লাইম্যাক্সের অ্যাকশন দৃশ্যের শুটিং চলছিল। সেই ভাইরাল ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি গাড়ি উল্টে গিয়ে সজোরে ধাক্কা মারে নীচে দাঁড়িয়ে থাকা একটি ভ্যানে। বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে, গাড়িটি ইমরানের খুব কাছ দিয়ে চলে যায়। ফলে সেটে উপস্থিত অভিনেতা ও কলাকুশলীদের নিরাপত্তা নিয়ে স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়েছে।আদিত্য দত্ত পরিচালিত ‘গানমাস্টার জি৯’ একটি রোম্যান্টিক অ্যাকশন ছবি। ইমরানের সঙ্গে এই ছবিতে রয়েছেন জেনেলিয়া ডিসুজা, অপারশক্তি খুরানা এবং অভিষেক সিং। নিজের ভালবাসার মানুষকে রক্ষা করতে একজন মানুষ কত দূর যেতে পারেন, সেই গল্পই তুলে ধরা হবে। ছবিটি মুক্তি পাবে আগামী ২৭ নভেম্বর। এর আগে হরিদ্বারে ছবির শুটিং ঘিরেও বিতর্ক তৈরি হয়েছিল। যদিও স্থানীয়দের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করা হয়েছিল বলে জানিয়েছিলেন প্রযোজক দীপক মুকুট ।